চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে নিজেদের নিয়ন্ত্রিত আসনে বসায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার বেলা দেড়টায় নগরমুখী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ বের করায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা এক দোকানিকে মারধর করায় গতকাল ক্যাম্পাসের সব দোকান দুই ঘণ্টা বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।সাংবাদিক সমিতির সভাপতি লাঞ্ছিত: গতকাল বেলা দেড়টার দিকে শহরমুখী শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হেদায়েত উল্লাহ খন্দকারকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কর্মী ও দর্শন তৃতীয় বর্ষের ছাত্র সাখাওয়াত হোসেন এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বশির আহমেদ। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হেদায়েত উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের কাছে নিজের পরিচয় বলার পরও তাঁরা আমাকে লাঞ্ছিত করেন। কাল (মঙ্গলবার) আমি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানাব।’দোকানপাট বন্ধ: চাঁদা দিতে অস্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের এক ফটোকপি দোকানদারকে মারধর করেছে ছাত্রলীগ। শনিবার রাতে শাহজালাল হলে নিয়ে আটকে রেখে তাঁকে মারধর করে তারা। বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সেকান্দার মিয়া প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১১টার দিকে ক্যাম্পাসের ফটোকপি দোকানদার জিয়াউর রহমানকে শাহজালাল হলের একটি কক্ষে নিয়ে আটকে রাখেন বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী। এ সময় ছাত্রলীগের কর্মীরা মাসিক দুই হাজার টাকা করে চাঁদা নির্ধারণ করে দেন। জিয়াউর চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর মাথায় ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন জায়গায় প্রহার করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে নিজেরাই জিয়াউরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে দেন।ছাত্রদলের ওপর হামলা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। ছাত্রদলের নেতা জোনায়েদ হোসেন ও নিউটন দত্ত বলেন, সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের হামলায় আমাদের নয়জন কর্মী আহত হন। ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক রোবায়েত হোসেন নিপুণ বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেন। চাঁদাবাজি ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের কেউ যদি জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের ওপর হামলা ও সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দোকানিকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’