বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ, ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া গতির এই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে ওই বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খালে নেমে পড়ে। ছবি: ফোকাস বাংলা
বেপরোয়া গতির এই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে ওই বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খালে নেমে পড়ে। ছবি: ফোকাস বাংলা

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন এক বৃদ্ধ। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় নিহত হন তিনি। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ষাট বছরের মতো ধারণা করছে পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন এবং চালককে তুলে দেন পুলিশের হাতে।
প্রত্যক্ষদর্শী তিন থেকে চারজনের ভাষ্যমতে, আজ বেলা দেড়টার দিকে হাসপাতাল থেকে প্রধান ফটক দিয়ে বের হয়ে সামনের ওষুধের দোকানের দিকে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা হলেও বেপরোয়া গতির একটি খালি ট্রাক বনানী মোড় এলাকা থেকে তিনমাথা রেলগেটের দিকে ছুটে আসছিল। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ওই বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খালে নেমে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ক্ষুব্ধ জনতা প্রথমে মহাসড়ক অবরোধ করেন। পরে চালককে আটক করে ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এই দুর্ঘটনা এবং পরবর্তী ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন কোনো স্বজনের ওষুধ কিনতেই ওই পথচারী মহাসড়ক পারাপার হচ্ছিলেন বলে ধারণা ওসির। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।