বেপরোয়া ট্রাকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া ট্রাকের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই সড়কে গত দুই মাসে বড় ধরনের ছয়টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, সিলেট-তামাবিল সড়কে পাথর ও কয়লা বহনকারী ট্রাক চালকেরা বেপরোয়া গতিতে ট্রাক চালান। ওই ছয়টি সড়ক দুর্ঘটনাই ঘটেছে বেপরোয়া চালানোর কারণে। ২০১২ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসব দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই পঙ্গু হয়ে গেছেন।গত ২৬ ডিসেম্বর ওই সড়কের মোহামঞ্চদপুর এলাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন শ্রমিক নিহত হন। আহত হন পাঁচজন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।গত ২৮ ডিসেম্বর হরিপুরের পাখিঢেকি নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের দুজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে ৩০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও দুজন মারা যান।গত ৪ জানুয়ারি ওই সড়কের শ্রীপুর পিকনিক সেন্টারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। আহত হন ১৭ জন। গত ২১ ফেব্রুয়ারি উপজেলার বাঘের সড়ক নামক স্থানে একটি পাথরবোঝাই ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা রাস্তার পাশে রাখা বালুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া দুই যাত্রী গুরুতর আহত হন।গত ২২ ফেব্রুয়ারি জাফলংয়ে একটি মোটরসাইকেলের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় আরেকজন আহত হন। ২৮ ফেব্রুয়ারি ট্রাকের ধাক্কায় জাফলংয়ের মোহামঞ্চদপুরে লেগুনার ছয়জন যাত্রী ও রাতে শ্রীপুরের কাছে দুজন মোটরসাইকেল আরোহী আহত হন।জাফলং ও গোয়াইনঘাট বাসস্ট্যান্ডের পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ যাত্রীরা জানান, বর্তমানে যাঁরা ট্রাক চালান, তাঁদের অনেকেই কিছুদিন আগেও চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করেছেন। যথাযথ ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই তাঁরা এখন ট্রাকের চালক। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সামাজিক সংগঠন ‘প্রজন্ম জাফলং’-এর সভাপতি করিম মাহমুদ জানান, বেপরোয়া ট্রাকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সব তো আর পত্রিকায় আসে না। ট্রাকচালক সমিতি জাফলং শাখার সভাপতি ফয়জুল ইসলাম বলেন, শুধু ট্রাকচালক নন, সব চালকই বেপরোয়া। কে কার আগে যাবে, এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মূলত ‘ওভারটেকের’ কারণেই দুর্ঘটনা ঘটে।সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, অনেক ট্রাকচালক বেপরোয়া গতিতে ট্রাক চালান। তাই তাঁদের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।