বেপরোয়া বলগেটের ধাক্কা, মৃত ৩৭
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথরশ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা গত শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে যাত্রা করে কিশোরগঞ্জে নিজেদের বাড়ির উদ্দেশে। সুনামগঞ্জের জামালগঞ্জ পাড়ি দিয়ে রাত সাড়ে আটটায় সুরমা নদীর ধনুরবাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির জলযান বলগেটের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে প্রাণ হারায় নারী-শিশুসহ নৌকার ৩৭ জন যাত্রী।এদের মধ্যে ৩৫ জনের মরদেহ শনিবার রাতেই উদ্ধার করা হয়। নিখোঁজ আরও দুই শিশুর লাশ গতকাল রোববার সকাল আটটার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ নদী থেকে উদ্ধার করে। এরা হলো শাকিল মিয়া (৮) ও সুজন মিয়া (৩)।নৌ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ফেনারবাঁক ইউনিয়নের আলীপুর গ্রামের মানুষ শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত তৎপরতা চালিয়ে ৩৭ জনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে আর কোনো মরদেহ পায়নি। বেলা তিনটায় প্রশাসনের নির্দেশে তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।ভোলাগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ২০০৩ সালের ২৬ এপ্রিল ছাতকের সুরমা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় পাথরশ্রমিকবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে ৮৫ জন মারা যান।যেভাবে দুর্ঘটনা ঘটে: ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে শনিবার বেলা তিনটার দিকে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে নৌকাটি যাত্রা করে। রাত সাড়ে আটটার দিকে সুরমা নদীর জামালগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় ধনুরবাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বলগেট নৌকাটির ওপর উঠে যায়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী ও শিশুরা আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই বলগেট তীরে রেখে চালকসহ অন্যরা পালিয়ে যান। জনতা বলগেটটি আটক করে পুলিশে দেয়।জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন বলেন, ‘আমি রাত তিনটা থেকে ঘটনাস্থলে ছিলাম। লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কোনো নৌযানে বাতি ছিল না। আর যাত্রীবাহী নৌকার সবাই ঘুমিয়ে ছিল।’কার্গো থেকে বলগেট: সুরমা নদীতে চলাচলকারী মালবাহী কার্গোর আকার ছোট করে তৈরি নৌযানই বলগেট। তিন বছর আগে এই যানের প্রচলন ঘটে। এই বলগেটে মালামাল পরিবহনের ক্ষমতা প্রায় কার্গোর মতোই। নৌপথের নিবন্ধন জটিলতা এড়াতে এমন নামকরণ দেওয়া হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা: দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আলীপুর গ্রামের আসাদ আলী, রবিউল ইসলাম ও মহব্বত আলী জানান, বলগেটে কোনো মালামাল ছিল না। সব বাতি নিভিয়ে অনেকটা বেপরোয়া গতিতে চলছিল এটি। অপর দিকে শ্রমিকদের নৌকায়ও কোনো বাতি ছিল না। অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে তাঁরা মনে করেন।রাত থেকে দুর্ঘটনাস্থলে থাকা ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, ‘আমাদের জানামতে, সুরমা নদীতে বলগেট নামের কোনো জলযান চলাচলের অনুমোদন নেই। অবৈধভাবে মাল পরিবহনে কার্গো ব্যবসায়ীরা এগুলো ব্যবহার করেন। সম্প্রতি এই জলযানের ব্যবহার বেড়ে গেছে।’জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্ঘটনার জন্য বলগেট দায়ী। এটি জব্ধ করা হয়েছে। তবে এর চালক ও অন্যদের আটক করা যায়নি।তদন্ত কমিটি: সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধরমপাশা) আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল সকাল আটটায় ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সেখানে অবস্থান করে উদ্ধার তৎপরতা তদারক করেন। পরে জেলা প্রশাসক এই দুর্ঘটনা তদন্তে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। কমিটিকে কাল মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রশাসনের বক্তব্য: জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আমরা স্থানীয় লোকজনের সহায়তায় ৩৭ জনের লাশ উদ্ধার করেছি। আর কেউ নিখোঁজ রয়েছে বলে দাবি না ওঠায় বেলা আড়াইটায় উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়। নিহত ৩৭ জনের পরিবারকে স্থানীয় সাংসদ ও প্রশাসনের পক্ষ থেকে তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, অবৈধ বলগেট চলাচলের বিষয়ে প্রশাসন নজর দেবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।