বেপরোয়া বাসের পাল্লায় তছনছ একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিবারটি ছিল সাজানো-গোছানো।
  • নিউমার্কেট থানায় মামলা।
  • একটি বাসের চালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
  • অন্য চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেপরোয়া দুই বাসচালকের প্রতিযোগিতায় মেরুদণ্ডে আঘাত নিয়ে হাসপাতালের  বিছানায় কাতরাচ্ছেন মা আয়েশা খাতুন। দুর্ঘটনার সময় মায়ের সঙ্গে ছিল মেয়ে  আহনাব আহমেদ। ছবি: সংগৃহীত
বেপরোয়া দুই বাসচালকের প্রতিযোগিতায় মেরুদণ্ডে আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মা আয়েশা খাতুন। দুর্ঘটনার সময় মায়ের সঙ্গে ছিল মেয়ে আহনাব আহমেদ। ছবি: সংগৃহীত

বেপরোয়া দুই বাসচালকের প্রতিযোগিতায় তছনছ হতে বসেছে একটি পরিবার। মেরুদণ্ডে আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মা আয়েশা খাতুন। স্বামী তানজীর আহমেদের দিন কাটছে হাসপাতাল, ফার্মেসিতে ছোটাছুটি করে। সাড়ে ছয় বছর ও সাড়ে তিন বছর বয়সী দুই সন্তানের একজন দাদির কাছে, অন্যজন নানির বাসায়।

গত বৃহস্পতিবার সকাল পর্যন্তও পরিবারটি ছিল সাজানো, গোছানো। দুই সন্তানকে নিয়ে আয়েশা-তানজীরের সুখের সংসার। কত দিন আয়েশাকে হাসপাতালে থাকতে হবে, তা বলতে পারছেন না চিকিৎসকেরা। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আয়েশার স্বাভাবিক জীবনে ফিরতে পারা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফলে শিশু দুটি আর কখনো মায়ের স্বাভাবিক আদর পাবে কি না, সেটিও অনিশ্চিত।

গত বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগের বাসা থেকে মেয়ে আহনাব আহমেদকে নিয়ে রিকশায় করে ধানমন্ডির স্কুলে যাচ্ছিলেন আয়েশা। সকাল সাড়ে সাতটার দিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে আসতেই বিকাশ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার মাঝখানে পড়ে যায় মা-মেয়েকে বহন করা রিকশাটি। দুটি বাস দুদিক থেকে চাপ দিয়ে রিকশাটিকে বেশ কিছুদূর টেনে নেয়।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আয়েশা মেরুদণ্ডে মারাত্মক আঘাত পান। সেদিনই ল্যাবএইড হাসপাতালে সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। আহনাব ও রিকশাচালক প্রাথমিক চিকিৎসা নেন।

গত মঙ্গলবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুটি বাসের প্রতিযোগিতায় হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। এ ঘটনার রেশ কাটতে না–কাটতেই বৃহস্পতিবার নিউমার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।

গতকাল শনিবার বিকেলে ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা যায়, আয়েশা বিছানায় শুয়ে আছেন। তাঁর মা সাফিয়া বেগম পাশে দাঁড়ানো। আয়েশার চেতনা আছে এবং আস্তে আস্তে কথা বলতে পারছেন।

সাফিয়া বেগম বলেন, ‘বাসচালকদের কোনো ধৈর্য নাই। কার আগে কে যাবে সেই প্রতিযোগিতায় মানুষের জীবন নিয়ে টানাটানি। হঠাৎ এমন বিপদে পুরো পরিবার দিশেহারা। ডাক্তাররা বলছে, অনেক টাকা খরচ হবে। এই টাকা আমরা কোথায় পাব?’

আয়েশা চিকিৎসাধীন আছেন ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট মাসুদ আনোয়ারের অধীনে। এই চিকিৎসক বলেন, আয়েশার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। সেটি জোড়া দেওয়া হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের আগে আয়েশার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।

আয়েশার স্বামী তানজীর আহমেদ দুর্ঘটনার পর থেকে হাসপাতালেই আছেন। তিনি বলেন, ‘বাচ্চা দুটিকে নিয়ে খুব বাজে অবস্থায় আছি। মাকে খুঁজছে। অসুস্থ আয়েশাকে দেখাশোনা করবে কে আর বাচ্চা দুটির যত্ন কে নেবে?’ তিনি আয়েশার চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বহন করার দাবি জানান।

এ ঘটনায় তানজীর নিউমার্কেট থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, বিকাশ পরিবহনের একটি বাসের চালক মোজাহারুল ইসলাম ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।