সাংবাদিকদের জড়িয়ে বেফাঁস মন্তব্য করায় এবার নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ে সিনেট সভায় শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে কয়েকজন সিনেট সদস্যের তোপের মুখে পড়েন উপাচার্য। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ‘মাফিয়া’ বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের নেতা অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একজন উপাচার্য সাংবাদিকদের জড়িয়ে এমন বক্তব্য দিতে পারেন না। তাঁর শব্দ চয়নে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। সিনেট সভা চলাকালে সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ন ম মুনির আহমদ সাংবাদিকেরা অসত্য কিছু লিখলে উপাচার্যকে প্রেস কাউন্সিলে মামলা করার পরামর্শ দেন। এর জবাবে উপাচার্য সাংবাদিকেরা ‘মাফিয়া’ এবং প্রেস কাউন্সিলও তাঁদের দখলে বলে মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, ‘একজন উপাচার্য ঢালাওভাবে কখনো সাংবাদিকদের জড়িয়ে এমন কথা বলতে পারেন না। আমরা তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি।’