বেবিচকের নির্বাহী প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক

কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরের জন্য জেনারেটর কেনার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ওই ছয়জনের বিরুদ্ধে। প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আজ সোমবার কমিশন ওই অভিযোগপত্র অনুমোদন দেয়। শিগগিরই সংস্থাটির উপপরিচালক মাহবুবুল আলম বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন বেবিচকের নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আফরোজ, সাবেক সহকারী পরিচালক ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকের দপ্তরের সাবেক সিনিয়র উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মণ্ডল, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক মো. হাসান জহির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন।
এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর থানায় এ ঘটনায় মামলা হয়েছিল।