বেবিট্যাক্সি বাদ দেওয়ার পরও ঢাকায় বায়ুদূষণ কমেনি
ঢাকা শহর থেকে বেবিট্যাক্সি তুলে দেওয়ার পরও বায়ুদূষণ কমেনি। আজ শনিবার ‘প্রথম আলো’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তা।
প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসিরউদ্দিন বলেছেন, ঢাকা শহর থেকে বেবিট্যাক্সি তুলে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালু করার পর দূষণ কমার কথা ছিল। কিন্তু গত কয়েক বছরে শুধু ঢাকার উত্তর-পশ্চিমে সাড়ে ৬০০ ইটভাটা তৈরি হয়েছে। এই ইটভাটাগুলো থেকে বায়ুদূষণ হচ্ছে। সরকার ইট উত্পাদন আইন করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এ ছাড়া যানবাহনে নিম্নমানের ডিজেল ব্যবহূত হচ্ছে, যা ব্যাপকভাবে বায়ুদূষণ ঘটাচ্ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবেশবিদ আইনুন নিশাত বলেন, সরকার ইটভাটা থেকে দূষণ কমাতে নানা উদ্যোগ নিলেও সেগুলো শতভাগ সফল হয়নি। কারণ ইটভাটার মালিকানার সঙ্গে ‘রাজনৈতিক শক্তি’ যুক্ত থাকে। এ ছাড়া যানবাহনে সালফারযুক্ত ডিজেল ব্যবহার করা হচ্ছে। এই সালফারের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। ঢাকা শহরে বায়ুদূষণ কমাতে হলে এখনই পরিশোধিত ডিজেল ব্যবহার করতে হবে। এ ছাড়া যানবাহনের দূষণ থেকে বাঁচতে মাটির নিচে গণপরিবহন ব্যবস্থা চালু করা দরকার বলে তিনি মন্তব্য করেছেন।
নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেছেন, ঢাকায় উন্মুক্ত জায়গা এবং জলাশয় কমে যাওয়ায় দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন হংকং বিশ্বের সবচেয়ে ঘিঞ্জি এলাকা। কিন্তু সেখানেও ৪০ শতাংশ খোলা জায়গা, জলাশয় রয়েছে। ঢাকার চারদিকে অনিয়ন্ত্রিতভাবে দালানকোঠা গড়ে উঠছে। নির্মাণসামগ্রী থেকে ধূলিকণা বাতাসে উড়ে বেড়াচ্ছে। বায়ুদূষণ করছে।
জলজট থেকেও বায়ুদূষণ হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ও সদস্যসচিব ইকবাল হাবিব। তিনি বলেন, বৃষ্টির পানি সরানোর জন্য ম্যানহোলের ঢাকনাগুলো খুলে দেওয়া হয়। এ থেকে পয়োনিষ্কাশন লাইনের ময়লা রাস্তার ওপরে উঠে আসে, যা বৃষ্টির পানি সরে যাওয়ার পরও থেকে যায়। বৃষ্টির পানি শুকিয়ে গেলে এগুলো শুকনো হয়ে বাতাসে উড়ে বেড়ায়।
বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন ঢাকা সিটি করপোরেশনের সমালোচনা করেন। তিনি বলেন, ময়লা ফেলার জন্য যথেষ্ট পরিমাণ ডাস্টবিন নেই সিটি করপোরেশনের। কিন্তু বিশাল নগরভবন আছে। সেখান থেকে কয়েকটি তলা কমালে খরচ কমানো সম্ভব, যা দিয়ে আরও বেশি সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী ও ডাস্টবিন দেওয়া সম্ভব হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান বলেছেন, তাঁদের যথেষ্ট লোকবল নেই। স্বল্প জনবল দিয়ে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বেলাল হোসেন নামের একজন শিশু প্রতিনিধি জানায়, বাস-ট্রাক, কলকারখানার কালো ধোঁয়ার পাশাপাশি জেনারেটরের কালো ধোঁয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানটির সহযোগী ছিল ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান, ওয়ার্ল্ড ভিশনের পরিচালক (অপারেশনস) ডমিনিক পিউরিফিকেশন, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, ঢাকা মহানগর বাস মালিক সমিতির চেয়ারম্যান খন্দকার এনায়েতউল্যাহ, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।