বেবী নাজনীনের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কণ্ঠশিল্পী বেবী নাজনীনের ঈদ শুভেচ্ছাসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে দুর্বৃত্তরা ওই ব্যানারগুলো ছিঁড়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে ওই নির্বাচনী এলাকায় কিছু ব্যানার-ফেস্টুন পাঠান শিল্পী বেবী নাজনীন। তাঁর সমর্থকেরা এসব টাঙিয়ে দেন সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আনাচকানাচে। ‘নতুনধারার রাজনীতিতে চাই আধুনিক নেতৃত্ব’ স্লোগান লেখা ছিল ব্যানারগুলোতে। এ ছাড়া ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পাচ্ছিল। ব্যানার-ফেস্টুনগুলো টাঙানোর এক দিনের মাথায় বুধবার রাতে দুর্বৃত্তরা তা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় বেবী নাজনীন সৈয়দপুর থানায় অভিযোগ দিয়েছেন।