বেবী মওদুদ আর নেই

সাংবাদিক ও সাবেক সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ (৬৬) আর নেই। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেবী মওদুদ দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।
বেবী মওদুদের মৃত্যুর খবর শোনার পরপরই হাসপাতালে ছুটে যান তাঁর দীর্ঘদিনের বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি।’
গতকাল রাতে ধানমন্ডির বাসভবন, ধানমন্ডি ঈদগাহ মাঠ ও জাতীয় প্রেসক্লাবে মরহুমার তিন দফা জানাজা হয়। এরপর রাতেই তাঁকে বনানী কবরস্থানে স্বামী মো. হাসান আলীর কবরে দাফন করার কথা রয়েছে।
জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তারা মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দীন সবুজ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বেবী মওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল মওদুদ ছিলেন একজন বিচারপতি। মায়ের নাম হেদায়েতুন নেসা। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করেন।
বেবী মওদুদ মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনে সোচ্চার ছিলেন। তিনি নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
শোক: বেবী মওদুদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ঐক্য ন্যাপ শোক প্রকাশ করেছে।