বেবী মওদুদকে স্মরণ করলেন সহকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক-লেখক বেবী মওদুদকে স্মরণ করেছেন তাঁর সহকর্মীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজনে এই স্মরণসভায় বেবী মওদুদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন তাঁরা।

শুরুতেই বেবী মওদুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁকে স্মরণ করে বক্তব্য দেন সহকর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বেবী মওদুদের জন্ম হয়েছিল বিচারপতির ঘরে। কিন্তু তাঁর সারা জীবনের যাত্রা দেখলে দেখা যাবে, বহু সংগ্রাম, আন্দোলন, পারিবারিক জীবনের অনেক দুঃখ-বেদনা, সেগুলো মেনে নিয়েই তিনি নীতি-আদর্শের প্রতি অবিচল থেকেছেন। সারা জীবন সংগ্রামের পর ক্যানসারের সঙ্গে সংগ্রাম করে মৃত্যুবরণ করতে হয়েছে তাঁকে।

সাংবাদিক নাসিমুন আরা হক প্রয়াত বেবী মওদুদের ছাত্র আন্দোলনের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, ‘বেবী শুধু সাংবাদিকই নয়, নারী আন্দোলনেরও একজন সক্রিয় কর্মী ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনের প্রথম সারির নেত্রী ছিল। অকালে চলে গেলেও তার জীবনটা ছিল সার্থক।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নির্বাহী কমিটির সদস্য শাহনাজ বেগম প্রমুখ।