
আজ লেখক-সাংবাদিক বেবী মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত বছর ২৫ জুলাই তিনি ইন্তেকাল করেন।
গতকাল শুক্রবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বেবী মওদুদের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমাজ এই স্মরণসভার আয়োজন করে। সভায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বেবী মওদুদ জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে চলার চেষ্টা করেছেন এবং সফল হওয়ার মধ্য দিয়ে তিনি তাঁর ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়েছিলেন। তাঁর সারল্য, সততা, পেশার প্রতি নিষ্ঠা এবং মানুষের প্রতি কর্তব্যবোধ সবার জন্যই অনুসরণীয়।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংসদ কবি কাজী রোজি, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, বেবী মওদুদের ভাই আবু রায়হান আমিনুল হক এবং ছেলে রবিউল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদ হোসেন।
বেবী মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেবী মওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ, দৈনিক গণবাংলা ও দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিডিনিউজ টোয়েটিফোর ডট কমে সামাজিকবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ছাত্রজীবন থেকে বেবী মওদুদ রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য ছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকায় কবি সুফিয়া কামালের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। নবম জাতীয় সংসদের তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরিক্ষত নারী আসনের সাংসদ ছিলেন।
বেবী মওদুদ সাংবাদিকতার পাশাপাশি শিশুতোষ সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৯টি।