বেমালিয়া নদীতে শিক্ষার্থীবাহী নৌকাডুবি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীরামপুর এলাকায় বেমালিয়া নদীতে আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে একটি শিক্ষার্থীবাহী নৌকা ডুবে গেছে। এতে ফারজানা বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

ফারজানা বেগম নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের সাইদ মিয়ার মেয়ে। সে উপজেলার কুন্ডা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নৌকাটি মহিষবেড় থেকে শতাধিক শিক্ষার্থী নিয়ে কুন্ডার উদ্দেশে যাত্রা করে। যাত্রীরা সবাই কুন্ডা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী। শ্রীরামপুর আসার পর তলা ফেটে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে ও স্থানীয় লোকজনের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও ফারজানা বেগম নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন জাল টেনে ফারজানার লাশ উদ্ধার করে। নৌকাডুবির ঘটনায় আটজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।

কুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচেতন নাগরিক সমাজের সভাপতি বকুল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কুন্ডা ইউপির অধিকাংশ গ্রাম বছরের অর্ধেক সময় পানিবন্দী থাকায় ইউনিয়নের মহিষবেড় গ্রাম থেকে স্কুলে আনা-নেওয়ার জন্য ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করা হয়।  প্রতিদিন শিক্ষার্থীরা ওই নৌকায় যাতায়াত করে। আজ ভাড়া করা নৌকাটি না পাঠিয়ে নৌকার মালিক অন্য একটি নৌকা পাঠিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের প্রথম আলো ডটকমকে জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।