বের করতে হবে উন্নয়নের বিকল্প নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারাহ সি. হোয়াইট
সারাহ সি. হোয়াইট

আমি বাংলাদেশে প্রথম যাই ১৯৮৫ সালে। তখন আমি ২২ বছর বয়সী একজন ছাত্রী। ‘সেচ কার্যক্রমের সামাজিক প্রভাব, সুনির্দিষ্টভাবে নারী ও লৈঙ্গিক সম্পর্কের ওপর’ নিয়ে পিএইচডি গবেষণার জন্য ক্ষেত্রসমীক্ষ করছি। ১৫ মাস পরে অবশেষে নিজের কাছে মেনে নিলাম, অগভীর নলকূপ বিষয়ে আমার মধ্যে আগ্রহ জন্মানোর কখনোই কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশের গ্রামীণ নারীদের জীবনের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টায় আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলাম। দেশটির মানুষের জন্য সহমর্মিতা ও কৌতূহল এবং এখানকার সামাজিক সম্পর্কের ব্যাপারে আমার সেই কৌতূহল সেই থেকে স্থায়ীভাবে রয়ে যায়।
বাংলাদেশে যাওয়ার কয়েক বছর আগে মার্টিন গ্রিলির লেখা ‘পিতৃতন্ত্র ও দারিদ্র্য’ গবেষণাপত্রটির শিরোনামের সূত্রে দেশটির একধরনের ছবি আমার মনে তৈরি হয়ে গিয়েছিল। বাংলাদেশ নিয়ে সমাজবিজ্ঞানের লেখাগুলোয় প্রায় কোনো ব্যতিক্রম ছাড়াই সহায়তা ও দারিদ্র্যের মতো বিষয়গুলোর ওপর জোর দেওয়া হতো। আর সেগুলোর মধ্যে থাকত অন্তহীন পুনরাবৃত্তি। যেমন একটি গবেষণায় বাংলাদেশকে ‘একটি বিষণ্ন পরিসংখ্যানের শোকগাথা’ বলে বর্ণনা করা হয়েছিল। এই প্রবণতা এতই জোরালো ছিল যে অবচেতন মনে আমি বাংলাদেশ সম্পর্কে সেই নেতিবাচক মনোভঙ্গিটি আত্মস্থ করে ফেলি। আমার ধারণা ছিল, দেশটির সবকিছু নিস্তেজ ও সাদামাটা হবে। কিন্তু বাস্তবে সেখানে গিয়ে আমি এর রং, প্রাণস্পন্দন ও সৌন্দর্য দেখে নিজেকে বিস্মিতরূপে আবিষ্কার করি। উন্নয়নের ওপর সব রকমের গুরুত্ব দিয়েই বলছি, বাংলাদেশে এক প্রজন্মের ব্যবধানে কতটা পরিবর্তন সম্ভব হয়েছে, আমার মনে হয়, তখনো সেটি কেউ কল্পনাও করেনি।
যে গ্রামকে আমার সব সময় বাংলাদেশের হূদয় বলে মনে হয়, তা এতটাই বদলে গেছে যে এখন প্রায় চেনাই যায় না। কাদামাটির তৈরি ঘরগুলো এখন কংক্রিটে পরিণত হয়েছে। কাঁচা রাস্তাগুলো এখন পাকা, দূরত্ব কমে গেছে এবং যোগাযোগ আগের চেয়ে অনেক সহজ হয়েছে। বিদ্যালয় ও কলেজগুলোর আকার ও সংখ্যা বহুগুণ বেড়েছে। যেখানে আগে কোনো বিদ্যুৎ ছিল না, সেখানে এখন তা এসেছে; যেখানে সবার জন্য পয়োব্যবস্থা ছিল না, এখন তা আছে; আগে যেখানে সপ্তাহে দুদিন বাজার বসত, সেখানে এখন স্থায়ীভাবে প্রতিদিন বিকিকিনি হচ্ছে; যেখানে প্রতি সপ্তাহে চিঠি (দেড় বছরব্যাপী ক্ষেত্রসমীক্ষার সময় মা আমাকে নিয়মিত চিঠি লিখতেন) সংগ্রহ করতে আমাকে হেঁটে অন্য একটি গ্রামের ডাকঘরে যেতে হতো, সেখানে এখন মুঠোফোনের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে।

প্লাবিত মাঠের ওপর সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অতুলনীয়। ছবি: সাহাদাত পারভেজ
প্লাবিত মাঠের ওপর সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অতুলনীয়। ছবি: সাহাদাত পারভেজ

বাংলাদেশে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছিল, তার উদারতায় আমি নানাভাবে ধন্য হয়েছিলাম। তবে, বিশেষ করে, তিনটি অত্যন্ত ভিন্ন ধরনের পরিবারের সান্নিধ্য—একটি হিন্দু, একটি মুসলমান ও একটি সাঁওতাল খ্রিষ্টান পরিবার—আমার বিশেষভাবে মনে আছে। তারা আমাকে সাদরে বরণ করেছিল এবং নিজেদের একজন করে নিয়েছিল। মুসলমান পরিবারটির একটি মেয়ে আমার গবেষণা সহকারী হিসেব কাজ করে। সে আমার দুর্বল বাংলাকে তাৎক্ষণিকভাবে অন্যদের বোঝার উপযোগী সাবলীল অনুবাদ করে দিত। অল্পবয়সে বিবাহিত ও তালাকপ্রাপ্ত ওই মেয়েটি থাকত বৃদ্ধ মা-বাবার সঙ্গে। অর্থনৈতিক ও সামাজিকভাবে তাঁদের অবস্থা ছিল অনিশ্চিত। তবু ওই মেয়েটি ছিল প্রাণশক্তি, উদারতা, হাসি ও উপস্থিত কৌতুকবোধে পরিপূর্ণ।
সাঁওতাল খ্রিষ্টান পরিবারটির সঙ্গে আমি অবস্থান করেছিলাম রাজশাহী শহরটি দেখতে গিয়ে। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে ঔপনিবেশিক উত্তরাধিকারের দ্বিচারিতা এবং অভ্যন্তরীণ পরিচয়ের ভূমিকা সম্পর্কে আমি গভীরভাবে শিখেছি। এটি তৈরির নেপথ্যে ছিল মিশনারি কার্যক্রম। একই গ্রামে আমি একটি হিন্দু পরিবারের সঙ্গেও বসবাস করেছি। সেই পরিবারের বাবা ছিলেন একজন ‘হাতুড়ে’ চিকিৎসক। রোগ নিরাময়ে নিজের দক্ষতা এবং ব্যক্তিগত প্রজ্ঞা ও মর্যাদা—এই দুইয়ের কারণে সব সম্প্রদায়ের মধ্যেই তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। সেটি ছিল মধ্য ও উচ্চ মর্যাদাসম্পন্ন বহু হিন্দু পরিবারের একটি, যারা অভিবাসনের মতো অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যায়। আমার মতে, তাদের হারিয়ে বাংলাদেশ আরও রিক্ত হয়ে পড়ছে। হিন্দু, মুসলমান, লোক-ঐতিহ্য ও আদিবাসী প্রভাবের মিশ্রণের প্রভাবে বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে সব সময়ই একটি বড় শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠেছে। কিন্তু পৃথিবীতে সংস্কৃতি ও ধর্মের মধ্যে বিরোধ দিনে দিনে যেভাবে বাড়ছে, সেখানে এ ধরনের বৈচিত্র্য ধরে রাখা কঠিন।
আমি আগেই উল্লেখ করেছি, বাংলাদেশের যে দিকটি আমাকে বিস্মিত করেছিল, তা হচ্ছে এর সৌন্দর্য। রাজশাহী জেলায় অবস্থিত গ্রামটি ছিল বাংলার ধ্রুপদি ‘সবুজ ও সোনালি’ রূপের উদাহরণ। সেখানে ভোরের কুয়াশা ও প্লাবিত মাঠের ওপরে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অতুলনীয়। তবে আশপাশের কয়েকটি স্থানেও আমি ঘুরে বেড়িয়েছি, যার মধ্যে ছিল চট্টগ্রামের কক্সবাজারে একটি সফর। ১৯৮৬ সালে সৈকতটি ছিল দারুণ, যদিও স্থানীয় পোশাকবিধির কারণে সাগরপাড়ে আমি ঠিক নিজ দেশের মতো স্বাধীনতা উপভোগ করার সুযোগ পাইনি! ২০০০-এর দশকের শুরুর দিকে আমি বাংলাদেশে ফিরে যাই নিজের ছোট ছেলেকে সঙ্গে নিয়ে। ছুটি কাটাতে কয়েক দিনের জন্য আমরা কক্সবাজারেও যাই। কিন্তু সেখানে গিয়ে আমি মর্মাহত হয়ে পড়ি। জায়গাটা এত নোংরা হয়ে পড়েছে যে ছেলেকে পানিতে নামতে দেওয়াটাও আমার কাছে নিরাপদ বলে মনে হলো না। ফেরার পথে অনেকগুলো ইটভাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। ইটভাটাগুলো থেকে ধোঁয়া বের হচ্ছিল, দেখা যাচ্ছিল রাসায়নিক মিশ্রিত পানিপ্রবাহ। উন্নয়নের এমন নমুনা বঙ্গোপসাগরকে কয়েক বছরেই দূষিত করে তুলতে পারে।

যে বাংলাদেশ আমার প্রথম জীবনের লেখাগুলোকে উদ্বুদ্ধ করেছে, তার সম্পর্কে এমন নেতিবাচক কথায় ফিরে গিয়ে আমি এ লেখা শেষ করতে চাই না। কিন্তু যুক্তরাজ্যে বা যেকোনো স্থানেই আমাদের সবার জন্য জীবনযাত্রার মানের পাশাপাশি বস্তুগত সমৃদ্ধি নিয়ে সম্ভবত প্রশ্ন তোলার সময় এসেছে। উন্নয়নের যে নমুনা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, তাকে অত্যন্ত নিষ্ঠুর বলে মনে হচ্ছে। যে মানুষগুলোর শ্রমে এই উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে, তাদের জন্য যেমন, তেমনই এই মাটির জন্যও। আমার মনে হয়, বিষয়টি পুনর্বিবেচনার সময় এসেছে।

ইংরেজি থেকে অনূদিত