বের করে দেওয়া প্রসূতির প্রসবের পর মৃত্যু, তদন্তের নির্দেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি হাসপাতাল থেকে এক প্রসূতিকে বের করে দেওয়ার প্রেক্ষাপটে সন্তান প্রসবের পর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করে ১৫ দিনের আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
প্রসূতিকে হাসপাতাল থেকে বের করা দেওয়া নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত মাসে রিটটি করা হয়। এর প্রাথমিক শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল দেন এবং ঘটনার ব্যাখ্যা জানতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও সিনিয়র নার্স ছায়া চৌধুরীকে তলব করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। চিকিৎসকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও নার্সের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিরুল হক।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, প্রসবব্যথা নিয়ে চিকিৎসার জন্য গত ৯ মে এক দিনমজুরের স্ত্রী মরিয়ম বেগম চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত ওই চিকিৎসক ও সেবিকা প্রসূতিকে চিকিৎসা না দিয়ে বের করে দেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে সন্তান প্রসবের কিছুক্ষণ পরই নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসক ও নার্স আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দাখিল করেন। শুনানির পর আদালত ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।
কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন করে প্রতিনিধি, চট্টগ্রামের সিভিল সার্জন, লোহাগাড়ার নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন অধ্যাপককে রাখতে বলা হয়েছে। ২৫ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে। তদন্তকালে ওই চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।