বেরাইদার মাটির ঘর হারিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেরাইদা ইউনিয়নের বেরাইদা গ্রামে এখনো কোথাও কোথাও টিকে আছে মাটির তৈরি দোতলা ঘর l ছবি: প্রথম আলো
বেরাইদা ইউনিয়নের বেরাইদা গ্রামে এখনো কোথাও কোথাও টিকে আছে মাটির তৈরি দোতলা ঘর l ছবি: প্রথম আলো

রাজধানীর বেরাইদা ইউনিয়নে নগরায়ণের কারণে হারিয়ে যাচ্ছে মাটির ঘরের ঐতিহ্য। কয়েক বছর আগেও এ ইউনিয়নের প্রায় অধিকাংশ ঘরবাড়ি ছিল মাটির তৈরি। মাটির দোতলা বাড়িও ছিল অনেক। এখন মাটির দোতলা বাড়ি বিরল হয়ে পড়েছে।
রাজধানীর বাড্ডা হয়ে সাঁতারকুল ইউনিয়ন পেরোলেই বেরাইদা ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম বেরাইদা গ্রাম। এই ইউনিয়নের আটটি ওয়ার্ডই বেরাইদা গ্রামের মধ্যে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেরাইদা গ্রামে প্রায় নয় হাজার লোকের বসবাস। রয়েছে দুই হাজার পরিবার। এখন এ গ্রামে রয়েছে শ খানেক মাটির ঘর। এ ঘরগুলোর অধিকাংশই এক শ থেকে দুই শ বছরের পুরোনো। কয়েক দিন আগেও এ গ্রামে মাটির তৈরি দোতলা ঘর ছিল অনেক। এখন এসব দোতলা ঘর ভেঙে পাকা দালানকোঠা তৈরি করা হয়েছে।
বেরাইদা গ্রামের স্থানীয় বাসিন্দা ও বেরাইদা গণপাঠাগারের গ্রন্থাগারিক সিরাজুল ইসলাম বলেন, ‘এখানকার প্রায় সব বাড়ি একসময় ছিল মাটির। ১৯৯৮ সালের বন্যার পর থেকে এ গ্রামে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করার প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে দিনে দিনে মাটির বাড়ির সংখ্যা কমতে থাকে। লোকজন মাটির বাড়ি ভেঙে দালানকোঠা তুলছে। এখন গ্রামের মাটির ঘরের ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে।
বেরাইদা গ্রামের পূর্বপাড়ায় একটি দোতলা মাটির ঘর পাওয়া গেল। এটি বয়োবৃদ্ধ সুরাইয়া বেগমের। তার পাঁচ মেয়ে, এক ছেলে। সুরাইয়া জানালেন, বাড়িটি তাঁর দাদার আমলের। তাঁর জন্মও এই বাড়িতে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাটির ঘরগুলো প্রাকৃতিক এয়ারকন্ডিশনের মতো কাজ করে। এসব মাটির ঘরে গ্রীষ্মকালে গরম কম লাগে। আবার শীতকালেও শীত অনেক কম লাগে। নিয়মিত যত্ন নিলে মাটির ঘর বহু বছর টিকে থাকে। বাসিন্দারা বলেন,
ঘর তৈরি হয় লাল ও সাদা রঙের বিশেষ ধরনের মাটি দিয়ে। দেয়াল তৈরি হয় লাল মাটি দিয়ে। এর বাইরে দেওয়া হয় সাদা মাটির প্রলেপ।
বেরাইদা গ্রামটি বালু নদের পাড়ে। বালু নদ পাড়ি দিলেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রূপগঞ্জের নাওরা, বরুণাসহ বিভিন্ন গ্রামে ঘর তৈরির লাল মাটি পাওয়া যায়। ওখান থেকেই আনা হতো ঘর তৈরির মাটি। মাটির ঘরের চারদিকের দেয়াল কমপক্ষে এক ফুট পুরু হয়। সাধারণত ১৪ হাত দৈর্ঘ্য, ১০ হাত প্রস্থ এবং ১০ হাত দৈর্ঘ্য, ৭ হাত প্রস্থের ঘর তোলা হয়। দোতলা ঘরগুলোর ওপরতলায় উঠতে সাধারণত কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়। তবে কেউ কেউ মাটির সিঁড়িও তৈরি করে থাকে। একটি ঘর তুলতে সাধারণত ছয় মাস লাগে। খরচ হয় প্রায় ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা।