বেরি হ্রদে মাটি ভরাট বন্ধ করে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার গুলবাগ এলাকায় প্রাকৃতিক বেরি হ্রদের মধ্যে বাঁশ ও টিনের বেড়া দিয়ে মাটি ফেলা হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজার পৌরসভার গুলবাগ এলাকায় প্রাকৃতিক বেরি হ্রদের মধ্যে বাঁশ ও টিনের বেড়া দিয়ে মাটি ফেলা হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজার পৌরসভার গুলবাগ এলাকায় মাটি ফেলে বেরি হ্রদের কিছু অংশ ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মাটি ফেলার কাজ বন্ধ করে দিয়েছেন।

গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পশ্চিমবাজারের সোনা উল্লাহ সড়কের গুলবাগ এলাকায় সীমানাপ্রাচীর দেওয়াবেরি হ্রদ-সংলগ্ন একটি খালি জায়গা। সেখানে পলিথিনসহ ময়লা-আবর্জনা জমে আছে। সেই খালি জায়গার সামনেই বেরি হ্রদের দিকে নতুন মাটি ফেলা হয়েছে। নতুন মাটি ফেলার জন্য হ্রদের পানির মধ্যে বাঁশ ও টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। গুলবাগ এলাকার বাসিন্দা শামছুল হক এ জায়গা ভরাট করছেন বলে জানা যায়।

শামছুল হক বলেন, তিনি এখানে ক্রয়সূত্রে পাঁচ শতক জায়গার মালিক। তাঁকে কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তিনি কাগজপত্র তহশিল অফিস ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসে জমা দিয়েছেন। কাজ স্থগিত আছে। জায়গা সরকারি হলে তিনি কোনো আপত্তি করবেন না।

স্থানীয় ব্যক্তিরা বলেন, মৌলভীবাজার শহরের এই হ্রদ একসময় শহরের পাশ দিয়ে বয়ে চলা মনু নদের সঙ্গে যুক্ত ছিল। নানা কারণে হ্রদটি এখন মনু নদ থেকে বিচ্ছিন্ন। মৌলভীবাজার শহরের বৃষ্টির পানি ধারণের জন্য বেরি হ্রদই এখন সবচেয়ে বড় জলাধার।

পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী জলাধার ভরাট বেআইনি। এটা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে বেরি হ্রদ ভরাট করার খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন প্রমুখ ঘটনাস্থলে যান।

পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, লেকের মধ্যে বেড়া দিয়ে মাটি ভরাট করে দখল করছে। মাটি ভরাটকারী বলেছেন, তিনি এই জায়গা কিনেছেন। কিন্তু লেকের জায়গা তিনি কী করে কিনবেন?

ইউএনও ইকবাল হোসেন বলেন, প্রশাসন মাটি ভরাটের কাজ স্থগিত করেছে। মালিক দাবিদারকে বলেছেন কাগজপত্র দেখাতে। বিষয়টি নিয়ে গতকাল জেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। স্থানটি জরিপ করা হবে। কেউ লেক ভরাট করতে পারেন না।