বেরিয়ে এল বেহাত রাস্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পালপাড়া পাড়ায় ব্রিটিশ আমলের একটি গ্রামীণ রাস্তা আশপাশের লোকজন বেহাত করেছিলেন। সেটি আবার উদ্ধার করা হয়েছে। মাটি কেটে সড়ক নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী এখন সরাসরি তাঁদের বাড়িঘরে যেতে পারছেন।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে মাটি কাটার কাজ শেষ হয়েছে। শ্রমিকেরা রাস্তাটি সমান করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে রায়গঞ্জ থানা রোডের আমতলা থেকে পালপাড়া যাওয়ার একটি মাটির রাস্তা ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর পালপাড়া যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ বিকল্প সড়ক নির্মাণ করা হয়। পরে সেটি পাকা করা হয়। এই সড়কে পালপাড়ার লোকজন ঘুরে তাঁদের বাড়িঘরে যেতেন। এদিকে মাটির রাস্তাটি ঘেঁষে পাড়ার বাসিন্দারা পানি সেচের নালা নির্মাণ করেন। কয়েক বছরের মধ্যে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তাটি আশপাশের জমিতে বিলীন হয়ে যায়।
পাড়ার লোকজন রাস্তাটি উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। পরে পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান নির্বাচিত হওয়ার পর থেকেই রাস্তাটি উদ্ধারের চেষ্টা চালান। প্রথমে এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা মতবিনিময় সভা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন হারিয়ে যাওয়া রাস্তা উদ্ধারে সহযোগিতা দিতে সম্মত হন।
চলতি অর্থবছরে সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে পুরোনো সেই রাস্তায় মাটি কাটার কাজ করা হয়। ৪০৩ মিটার দীর্ঘ সড়কটির প্রস্থ ৫ মিটার। উঁচু করা হয়েছে প্রায় সাড়ে চার ফুট।
নতুনভাবে সড়কটি পেয়ে পালপাড়ার লোকজন বেশ খুশি। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পালপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, মাটির সড়কটি লোকজনের খেতে চলে গিয়েছিল। এত দিন পর আবার মাটি কেটে আগের রাস্তার রূপ দেওয়া হয়েছে। এখন লোকজনের চলাচলে সুবিধা হবে। তবে এটি পাকা সড়ক করা হলে আরও ভালো হয়।
নূরুল আলম মুন্সী নামের একজন প্রবীণ ব্যক্তি বলেন, তাঁরা ছোটবেলায় ওই সড়কে যাওয়া-আসা করতেন। কিন্তু পরে সেটি আশপাশের জমির মালিকেরা কেটে ফেলেন। এখন আবার সড়কটি উদ্ধার করা হয়েছে। এতে তাঁর খুব ভালো লাগছে।
ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মমতাজ উদ্দিন পাঠান বলেন, ব্রিটিশ আমলের সড়কটি দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এলাকার সবার সহযোগিতার কারণে এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে এই পাড়ার বাসিন্দারা বেশ খুশি। তবে পাকা করা হলে রিকশাসহ নানা যানবাহনে এখানে গৃহনির্মাণ সামগ্রীসহ নানা বহনে সুবিধা হবে।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান বলেন, সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচল উপযোগী করা হয়েছে। এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সার্বিক সহযোগিতা দিয়েছেন।’