বেলকুচি ও উল্লাপাড়ায় আরও ছয়জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় তিনজন করে আরও ছয়জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে ৪০ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান মিলল।বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকির হোসেন জানান, উপজেলার ক্ষিদ্রচাপী গ্রামের রবিউল্লাহর স্ত্রী সোনাভানু খাতুন (৫০) গতকাল রোববার ক্ষত নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে শনাক্ত করা হয়, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত। পরে তাঁর দুই ছেলে আলীম (১৭) ও সালামকেও (১৫) অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।রবিউল্লাহ জানিয়েছেন, তাঁর তিনটি খাসির মধ্যে দুটি সম্প্রতি অসুস্থ হয়ে মারা গেছে। অপর খাসিটি অসুস্থ হওয়ার পর জবাই করে তাঁরা মাংস খেয়েছেন। মাংস যাঁরা কাটাকাটি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন, তাঁদের অনেকের শরীরে ফোসকা দেখা দিয়েছে।উল্লাপাড়ায় নতুন করে আক্রান্ত হয়েছে নওকৈড় গ্রামের নুরুন্নবী মিয়া (১৭), বিলকিস খাতুন (২০) ও নীল হোসেন (১০)। নওকৈড় গ্রামের কৃষক আবদুস সামাদের একটি গরু গত ২০ মে অসুস্থ হলে সেটি জবাই করে এলাকাবাসী কম মূল্যে মাংস ভাগবাটোয়ারা করে নেয়।