বেলকুচি থানার ওসিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১২ জনকে আসামি করে মামলা করেছেন ‘মারধরের শিকার’ একজন আইনজীবী। গত বুধবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলামের আদালতে মামলাটি করা হয়।
ভুক্তভোগী ও আরজির বিবরণ অনুযায়ী, একটি কড়ইগাছ নিয়ে জেলা জজ আদালতের আইনজীবী মো. নজরুল ইসলামের সঙ্গে এলাকার লোকজনের দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় আইনজীবী গত ২২ অক্টোবর আদালতে মামলা করেন। ওই দিন সকালে আদালত গাছটি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এলাকাবাসী বিকেলে পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সহায়তায় গাছটির ডাল কাটতে যায়। নজরুল এতে বাধা দেন। এ কারণে পুলিশের উপস্থিতিতে তাঁকে বেদম মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ দিন চিকিৎসাসেবা নেওয়া শেষে তিনি বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। এতে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির বেলকুচি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল বারিসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২২ অক্টোবর মামলা হলে আদালত ওই গাছ না কাটার জন্য অস্থায়ী নিষেধজ্ঞা জারি করেন। কিন্তু তা অমান্য করে প্রভাবশালী একটি পক্ষ পুলিশ নিয়ে গাছ কাটতে যায়। এতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাছিম উদ্দীন সরকার বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৯ জানুয়ারি এ-সংক্রান্ত আদেশ দেবেন বলে দিন নির্ধারণ করেছেন।
জানতে চাইলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন এলাকাবাসীর সহায়তায় তাদের বৈদ্যুতিক লাইন পরিষ্কার রাখার জন্য গাছের ডাল কাটে। সহায়তা চাওয়ায় পুলিশ দেওয়া হয়েছিল। ডাল কাটার সময় কিছুটা বাগ্বিতণ্ডা হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। এরপরও কেন মামলা হলো বিষয়টি তাঁর জানা নেই।