বেলকুচিতে আসামি ধরতে গিয়ে শিবিরের তোপের মুখে পুলিশ!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের বাধার মুখে পুলিশ ফিরে আসতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনের নেতৃত্বে শাহজাদপুর সার্কেলের এএসপি জিল্লুর রহমান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সগুনা গ্রামের চৌরাস্তা এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার বিভিন্ন মাইক থেকে ঘোষণা করে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় কল্যাণপুর, সর্বতুলসী গ্রামসহ আশপাশের চার-পাঁচটি গ্রামের কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং গ্রামে প্রবেশ করতে বাধা দেন। তাঁরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধও করেন। এ ঘটনার পর পুলিশ ফিরে আসতে বাধ্য হয়।