বেলকুচিতে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্দাপাড়া গ্রামে গত শনিবার রাতে ছয়টি বাড়িতে ডাকাতি হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশ পরিহিত ২০-২৫ জন সশস্ত্র ডাকাত গ্রামের অরুণ কুমার সরকারের ঘরে সিঁদ কেটে ঢোকে। ওই বাড়িতে ডাকাতি করার পর গৃহকর্তা অরুণ কুমার সরকারকে জিম্মি করে পাশের রবীন্দ্রনাথ সরকার, রামপদ সরকার, হরিতোষ সরকার, অনীল কুমার সরকার ও জীবন সরকারের বাড়িতে গিয়ে একের পর এক ডেকে তোলে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে প্রায় ৩৫ ভরি ওজনের সোনার গয়না, ১৫টি মুঠোফোন সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। অরুণ কুমার সরকার জানান, ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পরিবারের তিনজন সদস্যকে মারধর করে আহত করে। তারা সবাই মুখোশ পরিহিত ও সশস্ত্র অবস্থায় ছিল। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।