বেলকুচিতে খাদ্যগুদামে ধান দিতে পারেনি কেউ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খাদ্যগুদামে শেষ দিনে কৃষকদের পরিবর্তে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে সরকারিভাবে ধান দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ধান সংগ্রহ বন্ধ করে দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ৬ আগস্ট থেকে জেলায় ন্যায্যমূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। বেলকুচিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সিন্ডিকেট করায় শুরু থেকে গতকাল শেষ দিন পর্যন্ত কৃষকেরা ন্যায্যমূল্যে ধান সরবরাহ করতে পারেননি। ফলে শেষ দিন ৩১ আগস্ট পর্যন্ত বেলকুচিতে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি।
ক্ষমতাসীন দলের একটি পক্ষের নেতা-কর্মীরা কর্মকর্তাদের বেঁধে দেওয়া শেষ দিনে রায়গঞ্জ উপজেলার একটি চাতালমালিকের কাছ থেকে ধান ক্রয় করে এনে বেলকুচি খাদ্যগুদামে গোপনে সরবরাহ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ বাধা দেয়। পরে ধান সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ সাইফুল হাসান ধান সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ধানবোঝাই ট্রাকগুলো খাদ্যগুদাম থেকে বের করে দেওয়া হয়।
স্থানীয় কৃষক আবদুল মতিন, বেলায়েত হোসেনসহ সাত-আটজন জানান, বাজারে ধানের দাম না থাকায় তাঁরা সরকারের কাছে ধান বিক্রির অপেক্ষায় ছিলেন। হঠাৎ ট্রাকে ট্রাকে গুদামে ধান আনায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন। কর্মকর্তারা সিন্ডিকেট করে ধানগুলো নেওয়ার চেষ্টা করেছেন।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খান বলেন, বেলকুচির প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করে সংগ্রহ কমিটি সিন্ডিকেটের মাধ্যমে অন্য উপজেলা থেকে ধান সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডলও জড়িত রয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা খাদ্য কর্মকর্তা ফারুক আলমগীরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে ধান সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ সাইফুল হাসান বলেন, সিন্ডিকেট নয়, রেজুলেশন করে ৬০ জন কৃষকের আবেদনপত্র খাদ্য পরিদর্শককে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। তা ছাড়া যে ধানগুলো গুদামে আনা হয়েছে, সেগুলো প্রকৃত কৃষকদের নয় বলে খাদ্যগুদামের পরিদর্শক ফারুক আলমগীর বিকেলে জানানোর পর সেগুলো ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত কৃষক ধান না দেওয়ায় সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে সাংসদ আবদুল মজিদ মণ্ডল বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। বেলকুচির ধানের বিষয়টি তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন।
জেলা খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, পদোন্নতি হওয়ায় তিনি ২৫ আগস্ট দায়িত্ব হস্তান্তর করে সিরাজগঞ্জ থেকে চলে গেছেন। এরপর থেকে তাঁর কিছু জানা নেই।