আগামী সাত দিনের মধ্যে বেনাপোল স্থলবন্দর খুলে না দিলে এবং শুল্কমুক্তভাবে সুতা আমদানির ব্যবস্থা না করলে দেশের সব হ্যান্ডলুম ও পাওয়ারলুম কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁতি ও শ্রমিকদের এক বিশাল সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বেলা দুইটা থেকে শত শত তাঁতমালিক ও শ্রমিক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এ সময় বেলকুচি-সিরাজগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধলক্ষ তাঁতি ও শ্রমিক যোগ দেন।‘তাঁতি বাঁচাও ও শ্রমিক বাঁচাও’ স্লোগানে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কিছু লোকের চক্রান্তের কারণে মালিক ও শ্রমিক আজ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কার পক্ষে যাবেন? চোর-লুটেরাদের পক্ষে, নাকি মেহনতি তাঁতমালিক ও শ্রমিকদের পক্ষে? সিদ্ধান্ত নিতে ভুল করলে আপনার সরকারকেই খেসারত দিতে হবে।’ প্রধান অতিথি অভিযোগ করেন, সুতাকলের মালিকেরা একজোট হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করছেন। তাঁরা দিনের পর দিন সুতার দাম বাড়িয়ে দেশের অধিকাংশ তাঁত বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছেন। তিনি বলেন, এই শিল্পের সঙ্গে জড়িত এক কোটি ২৫ লাখ তাঁত শ্রমিকের ভাগ্য এখন অনিশ্চয়তার পথে।সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বেলকুচি উপজেলার তামাই রুগ্ণ পাওয়ারলুম মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিকেএমইএর পরিচালক শেখ মনোয়ার হোসেন, বদিউজ্জামান মণ্ডল, হায়দার আলী, বৈদ্যনাথ রায়, আবদুল বাকীসহ পাবনা, কুষ্টিয়া ও টাঙ্গাইলের তাঁতি ও শ্রমিক নেতারা। বক্তারা বলেন, ‘আমরা দেশ স্বাধীন করার জন্য যেভাবে আন্দোলনে নেমেছিলাম, একইভাবে এখন আন্দোলনে নামলাম। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।’এ সময় অভিনেতা ফারুক আহমেদ ঢাকা থেকে মুঠোফোনে তাঁতি ও শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।