বেলকুচিতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আজ শনিবার পুলিশের তিন কনস্টেবলসহ ৫০ জন আহত হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত পুলিশ কনস্টেবলরা হলেন মো. শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম ও শফি মিয়া। তাঁরা বেলকুচি থানায় কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আজ সকাল নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭৬ দফা কাঁদানে গ্যাসের শেল ও চারটি গুলি ছুড়েছে পুলিশ। আহত লোকজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে প্রতিভা কোচিং সেন্টারে আদাচাকি ও সেনভাঙ্গাবাড়ি গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পরদিন কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জের ধরে দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাতে দুই গ্রামেই মাইকিং করে আজ হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী আজ সকাল নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায় ওই দুই গ্রামের বাসিন্দারা। এ সময় সেনভাঙ্গাবাড়ি গ্রামের তোজাম আলী ও মফিজুলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষের আশঙ্কায় সেনভাঙ্গাবাড়ি গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুক্তার হোসেন।