বেলকুচিতে বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদনকারীদের পরীক্ষা নিয়ে যাচাই-বাছাই না করে সবার নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় পর্যায়ে বেলকুচির ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদনগুলো যাচাই-বাছাই করে পরীক্ষা নেবেন। পরীক্ষার্থীদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল তৈরি করে ইউএনওর কাছে পাঠাবেন।
মেটুয়ানী তালুদকারপাড়া গ্রামের আলমগীর হোসেন, চন্দ্রপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা গাজী রজব আলী সেখ, ইসলামপুর ঠাকুরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা গাজী জামাল উদ্দিন ও রাজাপুর ইউনিয়নের আকবর আলী বলেন, এই নিয়োগের মূল দায়িত্ব নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের। সরকার দলীয় নেতা-কর্মীরা ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য সব আবেদনকারীর নামের তালিকা প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে এসেছেন।
এ বিষয়ে ৭২ নং কেএমটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে সব প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। নিয়োগের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র বলেন, ইউএনও আবেদনকারীদের তালিকা সংগ্রহ করে তার কার্যালয়ে পাঠাতে বলেছেন। ইউএনও তরিকুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ আবেদনকারীদের নামের তালিকা দেখতে চেয়েছেন। এখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি। তা ছাড়া নিয়োগ কমিটির উপদেষ্টা হিসেবে সাংসদ তালিকা দেখতেই পারেন।
সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল বলেন, নিয়োগে কোনো অনিয়ম-দুর্নীতি করার সুযোগ নেই।