বেলকুচিতে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় আরও একজনের মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে গত বুধবারের সংঘর্ষে আরও এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকী (৫০) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি বেলকুচি উপজেলার নিশিবয়রা গ্রামের মৃত জুড়ান সেখের ছেলে। ওই ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো। এ ঘটনায় গত বৃহস্পতিবার নিশিবয়রা গ্রামের জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত বুধবার সন্ধ্যায় উত্তর চন্দনগাতী গ্রামের বাবলু তালুকদারের বাড়িতে কয়েকটি মেয়ে গাছ থেকে লিচু পাড়ছিল। এ সময় সেখানে নিশিবয়রা গ্রামের কয়েকজন বখাটে যুবক ওই মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এ ঘটনায় চন্দনগাতী গ্রামের লোকজন বখাটে ছেলেদের মারপিট করে ছেড়ে দেয়। রাতেই নিশিবয়রা গ্রামের পান্না মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরদিন ওই গ্রামের লোকজন ধান কাটার জন্য উত্তর চন্দনগাতী গ্রামের দিকে যায়। এ সময় দুই দল গ্রামবাসীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নিশিবয়রা গ্রামের লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে ঘটনার দিন উত্তর চন্দনগাতী গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবদুল আওয়ালকে (২৮) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বগুড়ায় আবু বক্কর সিদ্দিকী মারা যান। চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।