বেলকুচিতে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
যৌতুক চাওয়ার জন্য আদালতে মামলা করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইব্রাহিম নামের এক ব্যক্তি তাঁর শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শাহ আলম মোল্লা (৫০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০১০ সালে ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম মোল্লার মেয়ে কোহিনুর খাতুনের একই গ্রামের ইব্রাহিমের বিয়ে হয়। বিয়ের সময় ইব্রাহিমকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
বিয়ের পর ইব্রাহিম আরও যৌতুক দাবি করেন। যৌতুকের জন্য তিনি কোহিনুরকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি ইব্রাহীম কোহিনুরকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর কোহিনুরের বাবা শাহ আলম বাদী হয়ে সিরাজগঞ্জের একটি আদালতে মামলা করেন।
ওই মামলায় গত মঙ্গলবার বিকেলে আদালতের সমন জারির নোটিশ পাওয়ার পর ইব্রাহীম ক্ষীপ্ত হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে ওইদিন রাত সোয়া ১০টার দিকে ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারে শাহ আলম মোল্লার সঙ্গে ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথে শাহ আলম মারা যান। গতকাল বুধবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে শাহ আলমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় শাহ আলমের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ইব্রাহীমসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের সবাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।