বেলকুচিতে সংঘর্ষ ভোটকেন্দ্রে হামলা ব্যালট পেপার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। একপর‌্যায়ে দুই পক্ষের লোকজন ইউনিয়নের ভুতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালিয়ে সিল ও ব্যালট পেপার ছিনতাই করে।প্রত্যক্ষদর্শী পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তা সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে ভাঙ্গাবাড়ীর ভুতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট নেওয়া অবস্থায় সদস্য পদপ্রার্থী আজহার ও ময়নাল হোসেনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের বাইরে অবস্থান করা উভয় প্রার্থীর কয়েক শ সমর্থক ভোটকেন্দ্রে হামলা চালায়। তারা ভোটকেন্দ্র থেকে কিছু ব্যালট পেপার ও সিল লুট করে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১০টি ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ সমর্থক আহত হয়।ভোটকেন্দ্র পরিদর্শন করা সহকারী পুলিশ সুপার আবু ইউসুফ ১০টি গুলি ছোড়ার কথা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের কারণে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েনের পর আবার ভোট গ্রহণ শুরু হয়।ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনগণ গোলমালের সময় কয়েকটি সিল ও কয়েকটি সাদা ব্যালট পেপার নিয়ে গেছে। আধা ঘণ্টা পর অবস্থা স্বাভাবিক হলে অন্য স্থান থেকে সিল নিয়ে আসার পর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।