চতুর্থ দফায় ২৩ এপ্রিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ছয়টির মধ্যে দৌলতপুর ও রাজাপুরের দিকে যেন সবার দৃষ্টি। কারণ, একটিতে সাবেক মন্ত্রীর ছেলে ও অপরটিতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
দৌলতপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের ছেলে আশিকুর রহমান বিশ্বাস। রাজাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর স্ত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ। এই দুটি ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী নেই। বাকি চারটি ইউনিয়ন—ধুকুরিয়াবেড়া, বরধুল, ভাঙ্গাবাড়ী ও বেলকুচি সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, আবদুল লতিফ বিশ্বাস ও তাঁর সহধর্মিণী বর্তমান বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস দুজনেই দৌলতপুর ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে আবদুল লতিফ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান ও পরে সাংসদ নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হন। তাঁর স্ত্রী চেয়ারম্যান থেকে পরে মেয়র নির্বাচিত হন। এবার তাঁদের সন্তান আশিকুর রহমান বিশ্বাস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন আবদুল খালেক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রফিকুল্লাহ খন্দকার।
রাজাপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছনিয়া সবুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান। দুজনই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ছনিয়া সবুর বলেন, ‘ভাইস চেয়ারম্যান ছিলাম। দল আমাকে মনোনয়ন দেওয়ায় ইউপি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ আমার পাশে আছেন ও থাকবেন।’
আতাউর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যাতে আমি প্রচার-প্রচারণা চালাতে না পারি। তারপরও আমি চালাচ্ছি। আশা করি, এলাকায় এবার নীরব বিপ্লব ঘটবে।’
ধুকুরিয়াবেড়া ইউপিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী নতুন মুখ মাসুদ রানা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওহাব।
আবদুল ওহাব বলেন, ‘আমরা আওয়ামী লীগ থেকে ১১ জন মনোনয়ন চেয়েছিলাম। অন্য দলের একজন তরুণ ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে দলীয় লোকজন অসন্তুষ্ট হয়েছেন। তাঁদের অনুরোধেই প্রার্থী হয়েছি।’
মাসুদ রানা বলেন, ‘তৃণমূল ভোটের মাধ্যমে মনোনয়ন পেয়েছি। দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গেই আছেন।’
এই ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. নাছিম উল আলমও শক্ত অবস্থানে থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বাকি দুজন প্রার্থী হলেন সেলিনা খাতুন ও মাহবুবুর রহমান।
বরধুল ইউনিয়নে আওয়ামী লীগের আছির উদ্দীন, বিএনপির আবদুস ছাত্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফরিদ উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাঙ্গাবাড়ীতে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার ফজলুল হক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবুল হোসেন। বিএনপি থেকে মো. নুরুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে মো. রাকিবুল হাসান ও মো. হামিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলকুচি সদরে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. সোলায়মান হোসেন। বিদ্রোহী প্রার্থী হলেন মো. নুরুল ইসলাম। বিএনপির প্রার্থী আবদুল আলিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘মনোনয়ন নিয়ে দলের মধ্যে কোনো দ্বিমত নেই। প্রভাব বিস্তারের ঘটনাও ঘটেনি। আমার ছেলেকেও আমি মনোনয়ন দিতে চাইনি। প্রার্থীসংকটের কারণে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের অনুরোধের কারণেই সে প্রার্থী হয়েছে। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। চারটি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’