বেলকুচিতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তাঁত কারখানার সেপটিক ট্যাংক মেরামত করার সময় বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তামাই কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
মৃত শ্রমিকেরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের ব্রম্মখোলা গ্রামের নির্মাণশ্রমিক বাবু শেখ (২৩) ও শহিদুল ইসলাম (২৯)৷ আহত একই গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেনকে (৩০) এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার কাজের প্রধান মিস্ত্রি মো. জহুরুল ইসলাম জানান, এক মাস আগে বেলকুচি উপজেলার তামাই কাজিপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী আবদুল মান্নানের বাড়ির সেপটিক ট্যাংক ঢালাই করা হয়৷ গতকাল ওই ট্যাংকের েভতরে সাটারিং খুলতে নামেন বাবু শেখ৷ তাঁর কোনো সাড়া না পেয়ে শহিদুল নেমে পড়েন৷ সেখানে তিনিও অসুস্থ হয়ে পড়েন৷ তাঁদের উদ্ধার করার জন্য নামেন আলমগীর। তাঁর চিৎকারে লোকজন এসে তিনজনকে উদ্ধার করেন৷
গুরুতর অসুস্থ অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাবু ও শহিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷