বেলগাছি থেকেই ২০০ প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। রঙিন সাজে সেজে উঠবে পাড়া-মহল্লা। এ উপলক্ষে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। ঢাক আর শাঁখ বাজার অপেক্ষায় বাঙালি হিন্দুরা। ষষ্ঠী থেকে দশমী—পূজা-অর্চনা, হইহুল্লোড় ও আনন্দে কাটবে কয়েক দিন।
যে দেবীকে নিয়ে এত আয়োজন, তাঁকে গড়েই আবার জীবন চলছে অনেকের। এমনই একজন প্রতিমা কারিগর পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি গ্রামের শ্যামল পাল (৭৭)। তিনি ৪৩ বছর ধরে প্রতিমা তৈরি করছেন। শিখিয়েছেনও অনেককে। তাঁকে অনুসরণ করে এই গ্রামের প্রায় ১৫টি পরিবারের সদস্যরা এখন প্রতিষ্ঠিত প্রতিমা তৈরির কারিগর। এ গ্রামে এবার পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের প্রায় ৫০টি মণ্ডপের জন্য তৈরি হচ্ছে দুই শতাধিক দেব-দেবীর প্রতিমা। রংতুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, পাবনা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই বেলগাছি গ্রাম। চলনবিলে দ্বীপের মতো এই গ্রামটির চারপাশে থইথই পানি। ছোট্ট গ্রামটির অধিকাংশ বাড়ির ঘরে ও বাইরে সাজানো রয়েছে দুর্গা, গণেশ, কার্তিক ও সরস্বতীর প্রতিমা। পুরো গ্রামটি যেন দেব-দেবীদের আবাসস্থল। কেউ বাঁশ, শণ দিয়ে তৈরি করছেন দেবতাদের কাঠামো, কেউবা মাটি দিয়ে গড়ছেন শরীর। অনেকেই আবার রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন প্রিয় মুখগুলো। গ্রামের বাসিন্দারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০টি পরিবারের ১২০ জন সদস্য নিয়েই তাঁদের এই পালগোষ্ঠী। বছরের অন্য সময়ে সবাই প্রতিমা গড়ার পাশাপাশি মাটির হাঁড়ি-পাতিল তৈরির কাজ করেন। কিন্তু বর্তমানে হাঁড়ি-পাতিলের তেমন কদর নেই। তাই প্রতিমা গড়েই তাঁদের জীবন-জীবিকা চলে। দুর্গাপূজার আগে চার মাস প্রচণ্ড ব্যস্ত সময় কাটে তাঁদের।
গ্রামের নারী প্রতিমা কারিগর সুচিত্রা পাল বলেন, ‘পরিবারের সগলে মিলেই আমরা কাম করি। যা আয় হয় কুনুরহম সুংসার চলে। নীরবে কাম করে যাই। কেউ আমাগের খবরও নেয় না।’
চাটমোহর উপজেলা সদরের ব্যবসায়ী রনি রায় বলেন, ‘আগে আমরা মণ্ডপে প্রতিমা তৈরি করতাম। কিন্তু এখন বেলগাছিতে তৈরি প্রতিমা পাওয়া যায়। সেখান থেকে দেখেশুনে পছন্দমতো প্রতিমা সংগ্রহ করি। দিনে দিনে এ গ্রামের প্রতিমার কদর বাড়ছে।’
শ্যামল পাল বলেন, শুরুতে তিনি খুব বেশি কাজ পেতেন না। মাটির হাঁড়ি-পাতিল তৈরির পাশাপাশি দু-একটি প্রতিমা গড়তেন। একপর্যায়ে তাঁর কাজে সন্তুষ্ট হয়ে অনেকেই আসতে শুরু করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে কাজ বাড়ছেই। তাই নিজে কাজ করেছেন, অন্যদেরও শেখাচ্ছেন তিনি।
বর্তমানে শ্যামলকে অনুসরণ করে গ্রামের অনেকেই প্রতিমা তৈরির কাজ করছেন। বছরের অধিকাংশ সময়ই বিভিন্ন পূজা-পার্বণে গ্রামটিতে চলছে প্রতিমা তৈরি। একে একে প্রায় ১৫টি পরিবারের সদস্যরা প্রতিষ্ঠিত প্রতিমা কারিগর হয়ে উঠেছেন। এবারের দুর্গাপূজা উপলক্ষে এ গ্রামে প্রায় ১০০টি মণ্ডপের জন্য দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে।
শ্যামল পালের বড় ছেলে অমল পাল জানান, অল্প দামে ভালো প্রতিমা তৈরি করায় তাঁদের গ্রামের একটি সুনাম তৈরি হয়েছে। ফলে পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর, সিরাজগঞ্জের তাড়াশ ও সলঙ্গা এবং নাটোরের গুরুদাসপুর উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে তাঁরা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। এ বছর শুধু তাঁদের বাড়িতেই ২৫টি প্রতিমা তৈরির কাজ হয়েছে। এ ছাড়া অন্যরাও কাজ করছেন।
গ্রামের অন্য প্রতিমা কারিগর অপূর্ব পাল বলেন, শ্যামল পালের কাছ থেকেই তিনি প্রতিমা গড়ার কাজ শিখেছেন। এখন নিজেই কাজ করেন। এ বছর তাঁর বাড়িতে ১০টি মন্দিরের জন্য প্রতিমা তৈরির কাজ এসেছে। আরও কিছু কাজের ফরমায়েশ ছিল। কিন্তু সময়ের অভাবে তিনি তা করতে পারেননি।
প্রতিমা তৈরিতে তেমন কোনো দামি উপকরণ প্রয়োজন হয় না। ধানগাছের খড়, শণ, দড়ি, বাঁশ ও মাটি দিয়েই তৈরি হয় প্রতিমার কাঠামো। এরপর কারিগরদের হাতের স্পর্শ ও রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয় প্রতিমাগুলোকে। চাহিদা অনুযায়ী প্রতিটি প্রতিমা গড়তে খরচ হয় ৭ থেকে ১০ হাজার টাকা, যা বিক্রি হয় ১২ থেকে ১৮ হাজার টাকায়।