বেলগাছি রেলস্টেশন-জৌকুরা সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ মেরামত না করায় রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজবাড়ী কার্যালয় থেকে জানা যায়, প্রায় সাড়ে তিন কিলোমিটারের এই সড়কটি ২০০০ সালে ৮০ লাখ টাকায় পাকা করা হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় রক্ষণাবেক্ষণের কোনো কাজ করা হয়নি।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের এক পাশে বেলগাছি রেলস্টেশন, দুটি কলেজ, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাজার ও অপর পাশে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের মিলনস্থল জৌকুরা ফেরিঘাট। এ কারণে প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার লোকজন ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি রক্ষণাবেক্ষণ না করায় এটি যাতায়াতের অযোগ্য হয়ে গেছে।মোটরসাইকেল আরোহী নাজমুল আহসান জানান, রাস্তাটি গুরুত্বপূর্ণ হলেও দুই ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় জনপ্রতিনিধিরা এটি মেরামতের ব্যাপারে উদ্যোগ নেন না। ফলে বৃষ্টির সময় কাদা আর রোদের সময় ধুলার মধ্যে দিয়ে চলাচল করতে হয়।খানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতাহার হোসেন তকদির জানান, রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে। মেরামতের ব্যাপারে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয় হয়নি। সদর উপজেলার প্রকৌশলী মো. জালাল উদ্দিন শেখ জানান, রাস্তা মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ১০ অক্টোবর দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।