
ফলের মধ্যে বেলের কদর বাঙালিদের কাছে কম না। কেননা বেলের আছে দারুণ গুণ। কোষ্ঠকাঠিন্যে বেলের উপকারিতার কথা কে না জানে। দারুণ খরায় বেলের শরবত উপাদেয়। পাকস্থলীর স্বাস্থ্য ঠিক রাখতে বেলের জুড়ি নেই। ‘ন্যাড়া বেলতলায় একবারই যায়’ আর ‘বেল পাকলে কাকের কী?’ বেল নিয়ে এসব প্রবচনের সঙ্গেও বাঙালি বিশেষভাবে পরিচিত। বেলপ্রেমী বাঙালির সংখ্যাও অনেক। এবার বেলপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত বেলের একটি উন্নত জাত অবমুক্ত করেছে। নাম দেওয়া হয়েছে ‘বারি বেল-১’।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে দীর্ঘ নয় বছরের গবেষণার পর জাতটি অবমুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড। এর নিবন্ধন নম্বর-০৪ (৩২)-০৩/১৬।
বারি বেল-১ উদ্ভাবনের সঙ্গে যুক্ত আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন প্রথম আলোকে জানান, সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে ২০০৬ সালে এই কেন্দ্রে মেলার আয়োজন করা হয়। সেখান থেকে ভালো মানের গুটি বেলের জাত নির্বাচন করা হয়। ২০০৭ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জেরে বিভিন্ন স্থান থেকে ২২টি গুটি বেলের সায়ন (উপজোড়) অর্থাৎ কলম করার উপযোগী কচি ডগা সংগ্রহ করেন। পরে কেন্দ্রে জন্মানো রুট স্টকের ওপর কলম করেন এবং কেন্দ্রের মাঠে রোপণ করেন। এতে ফল ধরে মাত্র পাঁচ বছর পর। অথচ বীজের গাছ থেকে ফল পেতে অপেক্ষা করতে হয় ৮ থেকে ১২ বছর।
তিনি জানান, দুবছর আগে বেলের গুণাগুণ মূল্যায়নের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হয়। ইনস্টিটিউটের একজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার (উদ্যানতত্ত্ববিদ) নেতৃত্বে একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ত্ববিদ), একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ববিদ) ও বারির মহাপরিচালকের মনোনীত দুজন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটির কাছে বেলটি উন্নতমানের ও সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হয়। এরপর বারির মহাপরিচালক কৃষি মন্ত্রণালয়ে জাতটি অবমুক্তির জন্য আবেদন জানান। মন্ত্রণালয়ের অনুমোদনের পর জাতীয় বীজ বোর্ড জাতটি অবমুক্ত করে।
বারি বেল-১-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন জানান, বেলটি মাঝারি আকারের। নিয়মিত ফলদানকারী। অর্থাৎ প্রতিবছরই ফল ধরে। গড় ওজন ৯০০ গ্রাম। কাঁচা বেলের রং সবুজ। তবে পাকা বেল দেখতে হালকা সবুজ থেকে হালকা হলুদ বর্ণের। মিষ্টতা (টিএসএস) ৩৫ ভাগ। ফলের খাদ্যোপযোগী অংশ ৭৮ ভাগ। একটি সাত বছর বয়সী গাছপ্রতি গড় ফলের সংখ্যা ৩৮টি এবং গড় ফলন ৩৪ কেজি। বাংলাদেশের যেকোনো জেলাতেই এই জাতটি চাষ করা যাবে। ফল আসতে সময় লাগবে পাঁচ বছর।
চাষাবাদ পদ্ধতি: এই জাতটি কলমের মাধ্যমে জন্মানো যাবে। এতে করে ফলে মাতৃগাছের গুণাগুণ হুবহু অক্ষুণ্ন থাকবে। লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্ব ৬ থেকে ৮ মিটার হতে হবে।
সাধারণত মে মাসের মাঝামাঝি ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় গর্ত করতে হবে। গর্ত করার সময় গর্তের ওপরের অর্ধেক অংশের মাটি একপাশে এবং নিচের অর্ধেক অংশের মাটি অন্যপাশে রাখতে হবে। মাটি ওঠানোর পর ১০ দিন পর্যন্ত গর্তটিকে রোদে শুকাতে হবে। এরপর মাটির ওপরের অংশের সঙ্গে ১০ কেজি গোবর সার, ২৫০ গ্রাম টিএসপি, ২০০ গ্রাম এমপি, ১৫০ গ্রাম জিপসাম, ৫০ গ্রাম জিঙ্ক সালফেট এবং ১০ গ্রাম বোরিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। কলমের চারা জুন-জুলাই মাসে গর্তে রোপণ করতে হবে। রোপণের পর কলমের চারাটি সোজা করে খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে। বৃষ্টি না হলে সেচের ব্যবস্থা করতে হবে।