বেলা গড়াতেই উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও বেলা গড়াতেই পাল্টে যায় পরিস্থিতি। বিভিন্ন ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভোট গ্রহণ।
বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী দাবি করেছেন, পৌরসভার নয়টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টিতে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ভোট দিয়েছেন। তিনি নতুন নির্বাচনের দাবি জানান।
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিমুল হক চৌধুরী ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বিএনপির প্রার্থীর সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে উত্তর জলদী রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সাতটি বুথের প্রতিটিতে ভোটারের দীর্ঘ সারি। তবে বেলা সাড়ে ১১টার দিকে দুই মেয়র প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি ফাঁকা গুলি ছোড়ে। ভয়ে-আতঙ্কে ভোটাররা কেন্দ্র ত্যাগ করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তুষার কান্তি ভারতী প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
গতকাল দুপুর ১২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটার নুরুল আলম অভিযোগ করেন, তাঁকে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ব্যালট দেওয়া হলেও মেয়র প্রার্থীর ব্যালট দেওয়া হয়নি। এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সবুজ কান্তি ধর বলেন, ‘হয়তো ভুলবশত এমনটি হয়েছে।’
ওই কেন্দ্রে বেলা দুইটার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছুড়তে হয় বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
গতকাল বেলা পৌনে তিনটার সময় ২ নম্বর ওয়ার্ডের জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কেন্দ্রের প্রবেশ ফটক বন্ধ দেখা যায়। তখন কোনো ভোটার ছিল না। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বেলা দুইটার দিকে এক কাউন্সিলর প্রার্থী তাঁর সমর্থকদের নিয়ে জোর করে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে অন্য তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ জন্য কিছুক্ষণ ভোট নেওয়া বন্ধ রাখা হয় এবং প্রবেশ ফটক বন্ধ রাখা হয়েছে।
১ নম্বর ওয়ার্ডের জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে তিনটার দিকে মহিলা ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। মোহাম্মদ হাসান, আলমগীর আলীসহ কয়েকজন ভোটার জানান, দুপুরের দিকে তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফলে দুপুরে ভোট নেওয়া হয়নি। এই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মো. আজমগীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ছোড়া হয়।
গতকাল বিকেলে পৌর এলাকায় নিজের বাড়িতে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী সাংবাদিকদের বলেন, সকাল ১০টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হলেও দুপুর গড়াতেই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্রে কেন্দ্রে ত্রাস চালান। রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিমুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মানুষ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। কয়েকটি কেন্দ্রের কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে। বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো ভিত্তি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বিকেলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘বাঁশখালীতে ইতিপূর্বে এবারের মতো ভালো নির্বাচন হয়নি। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঝামেলা হলেও ভেতরে কিছু হয়নি।’