বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ভোটার
দেশের বিভিন্ন স্থানে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। অধিকাংশ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডিমলা, জলডাকা ও সৈয়দপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এসব উপজেলায় সন্তোষজনক হারে ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা ও স্থানীয় লোকজন জানিয়েছেন। জলঢাকা উপজেলার বগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এবার কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বাড়ানোর কারণে ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না। বেলা তিনটা পর্যন্ত ডিমলায় ৬৫ শতাংশ, জলঢাকা ও সৈয়দপুরে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
পঞ্চগড়: পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। অধিকাংশ কেন্দ্রে ৬০-৭০ ভাগ ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। পঞ্চগড় সদরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মতিন বলেন, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।
গাইবান্ধা: সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সাঘাটায় প্রায় ৪৫ শতাংশ ও গোবিন্দগঞ্জে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
দিনাজপুর: কাহারোল ও খানসামা উপজেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কেন্দ্রগুলোতে ৭০ থেকে ৭৫ ভাগ ভোট পড়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, তিনি সারা দিন দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে গেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বলে তিনি দাবি করেছেন।
উলিপুর (কুড়িগ্রাম): উলিপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া ও সহিংসতার প্রভাবে এই নির্বাচনেও ভোটার উপস্থিতি কমেছে। প্রার্থীরাও ভোটারদের কেন্দ্রমুখী করতে পারেননি।