বেলা বেড়েছে, জিয়ানগরে আতঙ্কও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে, হয়েছে নানা রকম অনিয়ম। অথচ সকালের দুই ঘণ্টা ছিল সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল খালেক গাজীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে।


কেন্দ্রের ২৩টি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। কয়েকটি কেন্দ্রে আবদুল খালেক গাজীর সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টা করতে দেখা গেছে। তাঁরা নারী ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং তাঁদের কেন্দ্র থেকে বের করে দেন। এ সময় জামায়তের প্রার্থীর সমর্থকেরা বাধা দিতে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে লাঠিসোঁটাসহ হাজির হন আওয়ামী-সমর্থিত প্রার্থীর কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুজন গ্রেপ্তার হন। তবে জামায়তের প্রার্থীর অভিযোগ আতঙ্ক সৃষ্টিকারীদের গ্রেপ্তার করার পরও ছেড়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে।’

সরেজমিন দেখা গেছে, বেশ কয়েকটি কেন্দ্রে পড়ছে জাল ভোট। বয়স্ক ব্যক্তিদের ভোট কম বয়সীদের দিতে দেখা গেছে। আতঙ্ক ছড়ানোর কারণে কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। এ ছাড়া একটি কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বিভিন্ন আতঙ্ক ও বিভিন্ন কেন্দ্রে অনিয়ম প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এসব বিষয় নিয়ে এখন মন্তব্যের কোনো সুযোগ নেই।
এদিকে, বেলা দুইটার পর থেকে জিয়ানগর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনে অবস্থান করছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ কে এম এ আওয়াল। নিজস্ব গাড়ি ও একাধিক মোটরসাইকেল আরোহীসহ সেখানে আছেন তিনি। ফল ঘোষণার আগ পর্যন্ত সেখানেই থাকবেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল খালেক গাজীও সাংসদের সঙ্গে সেখানে অবস্থান করছেন।
নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে আবদুল খালেক গাজী দাবি করেছেন, ‘আমরা কোনো অনিয়ম করছি না। আমাদের ওপর জামায়তের কর্মীরা চড়াও হচ্ছে।’