
বিস্তীর্ণ বালুর মাঠ। এক পাশে বুড়িগঙ্গা নদী, অন্য পাশে লোকালয়। মাঠে এক শিশু সাইকেল চালানো শিখছে। শেখাচ্ছেন তার চাচা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি বালুর মাঠে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। শুধু ওই শিশুই নয়, আরও অনেক শিশু-কিশোর তাদের বাবা-মা, অভিভাবকদের সঙ্গে ঘুরছে। কেউ খেলনা রিকশায় চড়ছে, কেউ রাবার বল নিয়ে ছোটাছুটি করছে। আনন্দঘন পরিবেশ।
বুড়িগঙ্গার পাড়ে বছিলা গার্ডেন সিটির ফাঁকা জায়গাটি এখন বেড়ানোর জন্য আশপাশের এলাকার লোকের কাছে বেশ পরিচিত। প্রতিদিন বিকেলে লোকজন এখানে বেড়াতে আসেন। কখনো সপরিবার কিংবা বন্ধুরা মিলে, কখনো অফিস সহকর্মীরা দল বেঁধে চলে আসেন।
শ্যামলী থেকে একই অফিসের পাঁচ সহকর্মী বেড়াতে এসেছেন বালুর মাঠে। তাঁদের একজন হাবিবুল্লাহ সিদ্দিক বলেন, ‘জায়গাটা আমাদের পছন্দের। সুযোগ পেলেই চলে আসি। বুড়িগঙ্গার এই অংশে পানিও পরিষ্কার। নদীর পানি ছুঁয়ে বয়ে যাওয়া শীতল বাতাস খুব উপভোগ করি।’
বালুর মাঠের সঙ্গেই নদী। ওপারে কেরানীগঞ্জ। মাঠের মাঝখানে একটিমাত্র ঝাঁকড়াগাছ। পাশেই একটি পরিত্যক্ত ইটভাটার চুল্লি। মাঠ থেকে কিছুদূরে নদীর ভেতরে একটি চৌচালা টিনের ঘর, সঙ্গে একটি বটগাছ। ভাঙনের কারণে জায়গাটি নদীগর্ভে চলে গেছে। নদীতে ট্রলার, নৌকা ও মালবাহী কার্গো চলাচল করছে। চলন্ত এসব নৌযানের সঙ্গে ঘুরতে আসা লোকেরা সেলফি বা ছবি তুলছেন। অনেকে হাঁটছেন, গল্প করছেন।
ধানমন্ডি থেকে বছিলা গার্ডেন সিটিতে ঘুরতে এসেছেন সাত বন্ধু। নদীর পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামার দৃশ্য দেখবেন। তাঁদের একজন জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আজই প্রথম এসেছি। ভালো লাগছে। বিশুদ্ধ বাতাস, কোলাহল নেই। জায়গাটা চমৎকার, আবার আসব।’
স্থানীয় কয়েক বাসিন্দা জানান, রোদ না কমলে লোকজন আসেন না। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে লোকের ভিড় বাড়ে। এখানে হকার ঢোকেন না। সবাই স্বচ্ছন্দে হাঁটাহাঁটি করেন। লোকজন সাধারণত নদী দেখতেই এখানে আসেন। সঙ্গে দূরবর্তী সবুজ প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করেন তাঁরা। মাঝেমধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনভোজন করতে আসেন। নদীতে গোসল করেন। নৌকা চালান, ফুটবল, ক্রিকেট খেলেন। অনেকে ছবি আঁকতেও আসেন।
ঘুরতে আসা আরেকজন সাজেদুর রহমান বলেন, ‘শহরের ভেতরে এমন পরিবেশ নেই। নদী নেই। বুকভরে নিশ্বাসও নেওয়া যায় না। কালো ধোঁয়ার যন্ত্রণা থেকে বেরোতে পারলেই চলে আসি। এখানকার সন্ধ্যা নামার দৃশ্যটা অত্যন্ত ভালো লাগে। দূরের প্রকৃতিও সুন্দর।’
এখানে সব বয়সী লোকজন বেড়াতে আসেন, তবে তরুণদের সংখ্যাই বেশি। সন্ধ্যার পরও কেউ কেউ আসেন। অনেকে নদীর পাড়ে এসে জোছনা উপভোগ করেন। সাধারণত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, ধানমন্ডি, শংকর, কলাবাগান, শুক্রাবাদ, সোবহানবাগ, খামারবাড়ি, আগারগাঁও, মণিপুরিপাড়া থেকে লোকজন এখানে আসেন।
এখানে আসতে হলে মোহাম্মদপুর বছিলা রোড দিয়ে এসে বছিলা ব্রিজের শুরুতে নামতে হবে। সেখান থেকে ডান পাশের সড়ক ধরে কিছুদূর সামনে গেলেই পৌঁছে যাবেন বছিলা গার্ডেন সিটি।