বেলাবতে কলেজছাত্রকে কুপিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় এলাকার তুচ্ছ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর লোকজন রকিবুল হাসান ওরফে রাজীব নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ডুবুরির দল আড়িয়াল খাঁ নদ ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে রাজীবের সন্ধান পায়নি।গত রোববার রাতে বেলাব উপজেলার চর উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম বাচ্চু মিয়া। তার বাড়ি উপজেলার চর উজিলাব পশ্চিমপাড়া গ্রামে।নিহত রাজীবের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে চর উজিলাব ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর ছাত্তারের ছেলে স্থানীয় চর উজিলাব বাজারের মায়া ডিজিটাল স্টুডিওর মালিক আলতাফের সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে চর উজিলাব গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বকুল মিয়া বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বকুল মিয়ার সমর্থক আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত স্থানীয় উজিলাব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন মিয়া, বিল্লাল হোসেন ও আবু কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে আলতাফ হোসেনের স্টুডিওতে হামলা চালায়। এ সময় আলতাফের সহপাঠী রকিবুল হাসান ওরফে রাজীব নরসিংদী সরকারি কলেজে থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে চর উজিলাব বাজারের কাছে পৌঁছালে মোস্তফা মিয়া, রিপন মিয়া, বিল্লাল হোসেন, আবু কালামসহ ২০-২৫ জন সন্ত্রাসী তাকে ধাওয়া করে। রাজীব কিছু না বুঝেই দৌড়ে বাজার থেকে বাড়ির দিকে ছুটে যায়। এ সময় হামলাকারীরা তার পিছু নিয়ে বাড়ির দিকে এসে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তাকে বেধড়ক পেটাতে থাকে। তার মা নাসিমা বেগম ও বোন আইরিন আক্তার ফেরাতে এলে তাঁদেরও মারধর করা হয়। রাজীব মা ও বোনকে তাদের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করলে ইউপি সদস্য মোস্তফা মিয়াসহ অন্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় হামলাকারীরা রাজীবকে পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আড়িয়াল খাঁ নদে তল্লাশি চালিয়ে রাজীবের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঢাকা ফায়ার সার্ভিস থেকে আট সদস্যের একদল ডুবুরি রাতভর আড়িয়াল খাঁ নদে অভিযান চালায়। সরেজমিনে চর উজিলাব গ্রামে রাজীবের বাড়িতে গেলে বসতঘরের অধিকাংশই ভাঙচুর অবস্থায় দেখা গেছে। ঘরের ব্যবহূত জিনিসপত্র এলোমেলো অবস্থায় মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। রাজীবের মা নাসিমা আক্তার বলেন, ‘আমরা শুনেছি, বাজারে মারামারি হয়েছে। কিন্তু সে মারামারির রেশ আমার বাড়িতে কেন আসল, সেটা বলতে পারি না। তারা আমাকেসহ আমার মেয়েকে পিটিয়েছে। রাজীব ফেরাতে এলে তারা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়।’ এই কথা বলেই মূর্ছা যান রাজীবের মা নাসিমা বেগম।স্থানীয় সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘নিহত রাজীব এলাকায় নম্র, ভদ্র, শান্ত ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। এভাবে একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে হত্যা করা দুঃখজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’অভিযুক্ত মোস্তফা ও বিল্লাল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন অফিসার সানোয়ার হোসেন বলেন, ‘আড়িয়ার খাঁ নদের আশপাশের প্রায় তিন কিলোমিটার তল্লাশি চালিয়ে রাজীবের সন্ধান পাওয়া যায়নি। তবে নদীতে হালকা স্রোত থাকায় আমাদের অভিযানে কিছুটা ব্যাহত হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘শুনেছি দুই দল গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ায় আড়িয়াল খাঁ নদীতে এক ছাত্র নিখোঁজ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো মামলা দায়ের করেনি।’