বেলাবতে বজ্রপাতে একজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাবতে বজ্রপাতে হোসেন মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। হোসেন মিয়া বটেশ্বর গ্রামের তাহের মিয়ার ছেলে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন।


এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে বৃষ্টি শুরু হলে উল্লিখিত তিনজন বটেশ্বর বাজার থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিল। পথে হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন মিয়া নিহত হয়। ওই সময় গুরুতর আহত হয় হোসেনের সঙ্গে থাকা আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন। তাদের দুজনকেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।