বেলাবতে বিদ্যালয়ের মাঠে গরুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন, ব্যবস্থাপনা কমিটিসহ সবার আপত্তি সত্ত্বেও নরসিংদীর বেলাব পাইলট মডার্ন মডেল উচ্চবিদ্যালয় মাঠে গরুর হাট বসানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চালানো হয়। হাটের ইজারাদার বেলাব সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি জিল্লুর রহমান। তবে হাটটি পরিচালনা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতারা।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোরশেদ জামান কোনো বিদ্যালয়ের মাঠে যাতে গরুর হাট না বসে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেন। বিশেষ করে বেলাব উচ্চবিদ্যালয়ের মাঠের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার ইউএনও মাসিক উপজেলা আইনশৃঙ্খলা বৈঠকে জেলা প্রশাসকের নির্দেশনার কথা জানান। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। কিন্তু সবাই নিজ নিজ অবস্থানে চেষ্টা করেও গরুর হাট বসা বন্ধ করতে পারেননি। গতকাল শুক্রবার বিদ্যালয়ের মাঠেই বাজারের গরুর হাট বর্ধিত করা হয়।

এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোরবানির ঈদ এলে বেলাব বাজারের গরুর হাট বর্ধিত করে বেলাব পাইলট মডার্ন মডেল উচ্চবিদ্যালয় মাঠে বসানো হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার বাঁশের খুঁটি পুঁতে বাজার প্রস্তুত করা হয় এবং গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় মাঠেই গরুর হাট বসানো হয়।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, এ বছর বাজারটি প্রতিযোগিতা করে ২৬ লাখ টাকায় ইজারা নেন জিল্লুর রহমান। এতে অনেক অংশীদার আছেন। যার বেশির ভাগই আওয়ামী লীগের লোকজন। তাঁরা পেছনে থেকে কাজ করেন। তাই এ বছর সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে সরকারি দলের লোকজনই উচ্চবিদ্যালয়ের মাঠে গরুর হাট বসিয়েছেন। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের মাঠের বারোটা বাজবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘ইউএনও স্যার আমাকে বলার পরই গত বুধবার বাঁশের খুঁটি লাগাতে এলে আমি বাধা দিই। কিন্তু কোনো কাজ হয়নি। তারা আজকে বাজার বসিয়েছে। কারা বসিয়েছে আমি তাদের নাম বলতে পারব না।’

জিল্লুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ইউএনও উম্মে হাবিবা বলেন, ‘আমি ইজারাদার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাঁদের আমি আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।’