আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর বেলাবতে সবচেয়ে বেিশ সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে৷ এই উপজেলায় তিনটি পদের জন্য মনোনয়নপত্র জমা দেন ৩১ জন৷ এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান চারজন৷
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নয়জন, বিএনপির সাতজন এবং জাতীয় পার্টি ও সিপিবির একজন করে মনোনয়নপত্র জমা দেন৷ আছেন স্বতন্ত্র একজন৷ চেয়ারম্যান পদের বিপুলসংখ্যক প্রার্থী নিয়ে বিপাকে পড়ে আওয়ামী লীগ৷ গত শনিবার বিকেলে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোট নিয়ে বর্তমান চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়াকে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী ঘোষণা করা হয়৷
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে নয়জন সমর্থন পেতে চাইলেও তৃণমূল নেতা-কর্মীদের ভোটে অংশ নেন চারজন৷ তাঁদের মধ্যে ১০৩ ভোট পেয়ে সমসের জামান ভূঁইয়া প্রথম হন৷ তাঁর নিকটতম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোছলেহ উদ্দিন পেয়েছেন ৬৭ ভোট৷