বেলাবতে শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর বেলাবতে গত রোববার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার নরসিংদী সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশের মাঠে ঘুড়ি ওড়াতে যায় মেয়েটি। ওই সময় প্রতিবেশী সাদ্দাম হোসেন ওরফে বাবু (২২) মেয়েটিকে কৌশলে একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যান। পরে তাঁরা মেয়েটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর পরিবারের লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে প্রথম আলো নরসিংদী বন্ধুসভার বন্ধুরা অভিযুক্ত তরুণের দ্রুত বিচার আইনের আওতায় শাস্তির দাবিতে মানববন্ধন করেন। এ সময় বন্ধুসভার সহসভাপতি গোষ্টলাল দাস, আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর হাসপাতালের আরএমও আমিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও সে খুব আতঙ্কে আছে।
হাসপাতালে শিশুটির মা বলেন, ‘পুলিশ হেরে (আসামিকে) ধরতে পারে নাই। আমার এই বাচ্চা মাইয়া এহনো শুধু কান্দে আর ডরায়। কেউ কাছে যাইতেই পারে না। তবে এইহানে ডাক্তাররা খাওয়া আর ওষুধের লাইগা নিজেরা টাকা পর্যন্ত দিছে।’
বেলাব থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত সাদ্দাম ঘটনার পর থেকে পলাতক।