বেলারুশের প্রধানমন্ত্রী আসছেন আজ
বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার ঢাকায় আসছেন। ১৯৯১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনু বিভাগ সূত্রে জানা গেছে, রপ্তানি ও বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণই এ সফরের মূল লক্ষ্য। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। বিশেষ বিমানযোগে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ আজ সকাল সোয়া ১০টায় ঢাকা পৌঁছাবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সফরের প্রথম দিন তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বেলারুশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন। পরে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন ১৩ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মিখায়েল মিয়াসনিকোভিচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। এরপর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন। গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বেলারুশ সফরের সময় প্রধানমন্ত্রীর পক্ষে বেলারুশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।