বেলারুশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ গতকাল রোববার দুপুরে ঢাকায় এসেছেন। ঢাকায় পৌঁছানোর পর তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।১৯৯১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর। এ সফরের মূল লক্ষ্য হচ্ছে রপ্তানি ও বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।গতকাল বেলা দুইটা ৫০ মিনিটে মিখাইল মিয়াসনিকোভিচকে বহনকারী বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান থেকে নামার পর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর একটি শিশু বেলারুশের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া তুলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।এ সময় বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইনমন্ত্রী শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলারুশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের মোটর শোভাযাত্রাসহকারে হোটেল সোনারগাঁওয়ে নেওয়া হয়। বাংলাদেশ সফরের সময় তিনি এখানে অবস্থান করবেন।বাংলাদেশ সফরের প্রথম দিনে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য দেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। সন্ধ্যায় বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।বেলারুশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।