আজীবন নীতিতে অটল থেকে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। মুক্তিযুদ্ধের শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা কবি বেলাল মোহাম্মদ নীতির প্রশ্নে আপসহীন থেকে লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে। গতকাল রোববার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। জনবিজ্ঞান ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনায় অংশ নেন অধ্যাপক আনিসুজ্জামান, রাজীব হুমায়ুন, হান্নানা বেগম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আখতার উদ্দীন আহমদ, শিল্পী বুলবুল মহলানবিশ, সন্দ্বীপ সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাসান আরিফ, সংস্কৃতিসেবী জাকির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন গুল হোসেন। সঞ্চালনা করেন আইয়ুব হোসেন।বক্তারা বলেন, বেলাল মোহাম্মদ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনমনে প্রবল সাহস জুগিয়ে ছিলেন। কাজটি সহজ ছিল না। তিনি মনোবল অটুট রেখে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে যার যা কিছু আছে, তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। বেতারকর্মী বেলাল মোহাম্মদ যুদ্ধে অংশ নিয়েছিলেন বেতারযন্ত্র নিয়ে। পরিণত হয়েছেন ইতিহাসের অংশ হিসেবে।বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে পরে যে বিতর্ক সৃষ্টি ও ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা শুরু হয়েছিল, তার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। প্রকৃত ঘটনাটি তিনি লিখে গেছেন তাঁর বইতে। এ জন্য তাঁর ওপর নানা সময়ে চাপ এসেছে কিন্তু সত্য থেকে বিচ্যুত হননি। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধে তাঁর অবদানের পাশাপাশি সাহিত্যকর্ম ও ব্যক্তিগত জীবনযাত্রার দিকও তুলে ধরেন। অত্যন্ত অনাড়ম্বর সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। বিনয়ী মানুষ ছিলেন। নিজের কাজ সম্পর্কে কখনো বড় মুখ করে কিছু বলেননি। তাঁর অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বক্তারা তাঁর রচনাবলি প্রকাশ, জাতীয় জাদুঘর বা বাংলাদেশ বেতার কেন্দ্রে তার নামে একটি কক্ষের নামকরণের দাবি জানান।আলোচনার পর বেলাল মোহাম্মদের জীবন ও কর্ম নিয়ে কাওসার মাহমুদ নির্মিত শব্দসেনা প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। গণেশ হালুইয়ের বাস্তবের ছন্দভারতের প্রখ্যাত শিল্পী গণেশ হালুইয়ের শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। ২৮ আগস্ট বুধবার সন্ধ্যা ছটায় বাস্তবের ছন্দ নামের এই প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও শিল্পী রফিকুন নবী। প্রদর্শনী চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।