বেলাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বেলাল হোসেন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।
আসামিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাজমুল হক, খুলনার রূপসা উপজেলার আব্দুর রাজ্জাক ও মহানগরের সোনাডাঙ্গা থানার আব্দুল্লাহ ওমর ফারুক। নিহত ব্যক্তি ও আসামিরা মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ১ মার্চ যশোরের খুলনা বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেলে ভুয়া পরিচয়ে ১৪ ও ১৭ নম্বর কক্ষ ভাড়া নেন বেলাল ও আসামিরা। ৩ মার্চ ১৭ নম্বর কক্ষ থেকে বেলালের গলিত লাশ উদ্ধার করে যশোর সদর থানার পুলিশ। এ সময় দুটি কক্ষই তালাবদ্ধ ছিল। তখন অজ্ঞাত অবস্থায় লাশ ময়নাতদন্ত করে পুলিশ। এ সময় তৎকালীন সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। পরে বেলালের ভাই নুরুল হক পত্রিকায় বেলালের ছবি দেখে তাঁকে শনাক্ত করেন। এরপর পুলিশ নুরুলের দেওয়া তথ্যানুযায়ী নাজমুলকে গ্রেপ্তার করে। নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তার করলে ওই বছরের ২৯ এপ্রিল মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়।