২০০০ সালে বিএ পাস করেন তিনি। সেই থেকে চাকরির জন্য কম চেষ্টা করেননি। দেখতে দেখতে তাঁর ঘরে দুই শতাধিক চাকরির প্রবেশপত্র জমা পড়ে। কিন্তু চাকরি আর জোটে না। ১১ ভাইবোন ও মা-বাবা মিলে টানাপোড়েনের সংসার। সেই সংসারের জোয়াল ধরতে তিনি ভিন্ন পথ ধরেন। শুরু করেন বেলি ফুলের চাষ। সে বছর ছয়েক আগের কথা। ফুল তুলে ও মালা গেঁথে সরবরাহ করেন দেশের নানা প্রান্তে। একটু একটু করে সচ্ছলতার মুখ দেখেন নাটোরের লালপুরের জাফর আলম (৩৫)।সেই পাড়াগাঁ থেকে প্রতিদিন ২০ হাজার বেলি ফুলের মালা সরবরাহ করেন তিনি। নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামের আর দশজনের মধ্যে ফুলের চাষ ছড়িয়ে দিয়েছেন। তাঁর হাত ধরেই গ্রামের অনেকে এখন সচ্ছল ফুলচাষি। শুরুতে প্রতিবেশী বড় ভাই আবদুল আজিজকে দেখে ফুল চাষে উদ্বুদ্ধ হন জাফর। বাবার তিন বিঘা জমি নেন চাষের জন্য। বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে বীজতলা তৈরি করেন। বছর খানেকের মধ্যে শুরু হয় ফুলের উৎপাদন। জাফর আলম জানান, ২০০৪ সালের দিকে তিনি চাষ শুরু করেন। সে সময় ছয় ফুট দীর্ঘ ১০০টি মালা বিক্রি হতো ৭০০ থেকে এক হাজার টাকায়। এখন তিনি ৫০ থেকে ৬০ বিঘা জমিতে বেলি ফুলের চাষ করছেন। এর মধ্যে নিজস্ব জমি রয়েছে বিঘা দশেক। বাকিটা ইজারা নিয়েছেন। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত বেলি ফুলের মৌসুম। এ সময় প্রতিদিন ২০ হাজারের বেশি মালা তৈরি হয় জাফরের বাগানে। বর্তমানে ছয় ফুট দীর্ঘ ১০০টি মালার দাম পান ১৫০ থেকে ২০০ টাকা।জাফর আলম জানান, প্রতি বিঘা জমির ইজারা বাবদ মালিকদের দিতে হয় বছরে পাঁচ থেকে ছয় হাজার টাকা। আর ফুল তুলে ১০০টি মালা তৈরির জন্য শ্রমিকদের দিতে হয় ১০০ টাকা। সংসারের সব কাজ শেষে প্রতিদিন একজন নারী ও শিশু কমপক্ষে ১০০টি মালা বানাতে পারেন। এগুলো বাসে করে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। প্রতি বিঘা জমির জন্য বীজতলা তৈরি, গাছ লাগানো ও পরিচর্যার জন্য বছরে আরও প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়। সবকিছুর পরও মৌসুমে প্রতি মাসে এক লাখ এবং মৌসুম ছাড়া প্রতি মাসে তাঁর ২০ থেকে ৩০ হাজার টাকা লাভ হয়। বর্তমানে জাফরের অধীনে প্রায় ৫০০ নারী-পুরুষ ফুল তোলা ও মালা গাঁথার কাজ করেন।জাফরকে অনুসরণ করছেন নবীনগর গ্রামের শুকুর আলী, আলম, খায়রুল ইসলামসহ অনেকে। শুধু এ গ্রামেই এখন ৫০০ বিঘা জমিতে বেলি ফুলের চাষ হয় বলে জানালেন তাঁরা। বেলি ফুলের চাষ এখন নবীনগর ছাড়িয়ে লালপুর উপজেলার বিভিন্ন গ্রামেও ছড়িয়ে পড়েছে।লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, জাফর দীর্ঘদিন চাকরির পেছনে ছুটে শেষ পর্যন্ত ফুল চাষের সিদ্ধান্ত নেয়। এখন ফুল চাষ করে সে যেমন স্বাবলম্বী হয়েছে, তার দেখাদেখি অনেকেই ফুল চাষে আগ্রহী হচ্ছে।নবীনগর গ্রামের বাসিন্দা প্রবীণ শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন বলেন, ‘জাফরের দেখাদেখি ফুল চাষে আমাদের গ্রামের দৃশ্যপট পাল্টে গেছে। এই গ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।