বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর বনানীতে একটি বাড়িতে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুন বিক্রেতা মো. লাল মিয়া (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে বনানীর ৬/৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ২৫/এ নম্বর রোডে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা ওই বাড়ির নিরাপত্তা প্রহরী সারোয়ার বলেন, বাড়ির মালিক পলমল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির শিকদার। আজ নাসির শিকদারের ছেলের জন্মদিন। সেই উপলক্ষে লাল মিয়াকে বেলুন ফোলানোর কাজে আনা হয়। বেলা আড়াইটা থেকে বাড়ির হলরুমের পাশে খোলা জায়গায় বেলুন ফোলাচ্ছিলেন তিনি। আড়াইটার দিকে বিকট শব্দে তাঁর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে লাল মিয়া গুরুতর আহত হন। বাড়ির কর্মচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প উপপরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে আছে।