বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩
গ্যাস দিয়ে বেলুন ফুলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বেলুনবিক্রেতাসহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে নোয়াখালী শহরের ফ্ল্যাট রোডের সুরমা বোডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার গোবিন্দপুর গ্রামের আবদুল মালেক (৪০), নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ গ্রামের রঞ্জিত দাস (৪৫) ও হাতিয়া উপজেলার আনাজুল হক (৫০)। ঘটনার পর আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বিস্ফোরণে আহত তিনজনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। এর মধ্যে আবদুল মালেক ও রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, কয়েক দিন আগে নোয়াখালীতে বিজয় মেলায় বেলুন বিক্রি করতে আসেন চাঁদপুরের আবদুল মালেক। তিনি টাউনহল মোড় এলাকার ফ্ল্যাট রোডের সুরমা বোর্ডিংয়ে ওঠেন। আজ দুপুর ১২টার দিকে আবদুল মালেক বোর্ডিংয়ের বাইরে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফুলাতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মালেকের ডান পা ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রঞ্জিত ও আনাজুলও গুরুতর আহত হন।
জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।